ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম)- গুরুতর জখম এবং চুরির মামলায় ঢাকা মহানগরে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী রাষ্ট্রের পক্ষে কথা না বলে আসামিদের জন্য জামিন চান বৃহস্পতিবার।
ঢাকার মহানগর হাকিম শাহাদাত হোসেনের আদালতে ধানমন্ডি ও হাজারীবাগ থানার দুটি মামলায় রাজধানীর মিরপুর রোডের স্কয়ার টাওয়ারের মনোয়ার হোসেন শ্যামলের জামিন চান ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ও ঢাকা বারের সভাপতি শেখ হেমায়েত হোসেন।
আসামির জামিনের বিরোধিতা করেন বাদির ব্যক্তিগত আইনজীবী মিজানুর রহমান মোল্লা। এজলাসে এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস, আবুল বাশার, মীর নাছির নেওয়াজ, কামরুজ্জামান সুমনসহ প্রায় ১৫ জন আইনজীবী।
বাদির আইনজীবী মিজানুর রহমান মোল্লা বিচারককে আসামির পক্ষে শুনানি করতে আসা আইনজীবী আব্দুল্লাহ আবুর পরিচয় তুলে ধরে বলেন, "তিনি রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী; আসামির পক্ষে তিনি জামিনের শুনানি কীভাবে করেন। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আইন এবং নিয়ম অনুযায়ী কখনোই আসামির পক্ষে কথা বলতে পারেন না।"
ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯২ ধারায় একজন পাবলিক প্রসিকিউটরের নিয়োগ এবং দায় দায়িত্বের কথা বলা হয়েছে। ১৯৬০ সনের 'এল আর ম্যানুয়াল' এবং 'ল অন লিগ্যাল প্রাকটিশনাস'-এ একজন পাবলিক প্রসিকিউটরের কাজের পরিধি এবং ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
সেখানে বলা হয়েছে, একজন পাবলিক প্রসিকিউটর কখনোই রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আসামিদের পক্ষ নিয়ে কোনো কথা বলতে পারেন না।
এ নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়লে আদালতের বারান্দায় অপেক্ষমাণ বিচারপ্রার্থী এবং আইনজীবীরা অনেকেই এজলাসে ঢুকে পড়ে এই ঘটনা দেখতে থাকেন।
মহানগর পিপি আদালতে বলেন, "আসামিদের বিরুদ্ধে বাদি পক্ষ থেকে একের পর এক মামলা হয়েছে যা মিথ্যা।"
এসময় বিচারক আসামির বিরুদ্ধে হাজারীবাগ থানার মামলায় রিমান্ডের আবেদন থাকায় আসামির উপস্থিতিতে আগামি ২৬ অক্টোবর ধার্য তারিখে শুনানি করতে বলেন।
মহানগর পিপি আব্দুল্লাহ জোরাজুরি করে ওই মামলায় ২৩ অক্টোবর শুনানির জন্য ধার্য করতে বললে বিচারক তা মঞ্জুর করেন। এই মামলার তদন্ত কর্মকর্তাকেও থানা থেকে সরকারি কাজ ব্যাহত করিয়ে আদালতে নিয়ে আসেন পিপি।
মহানগর পিপি আদালতে বলেন, "এই মামলায় আসামিকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং তদন্ত কর্মকর্তা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান না।
"অথচ মামলায় তদন্ত কর্মকর্তা আগেই রিমান্ড চেয়ে আদালতে প্রতিবেদন দিয়েছেন।"
এ সময় বাদির আইনজীবী আদালতের কাছে প্রশ্ন রাখেন, "আসামিদের পক্ষ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত বাদ দিয়ে কীভাবে আদালতে আসেন?"
বিচারক পিপিকে বলেন, "আপনার কথা বিশ্বাস করেছি বলেই আসামিকে আদালতে এনে তার মুখ থেকে শুনতে চাই তিনি কীভাবে এবং কেন মিথ্যা মামলার শিকার হয়েছেন।"
শেষে দুইটি মামলার জামিন শুনানির জন্য আগামি ২৩ অক্টোবর তারিখ নির্ধারণ করেন বিচারক।
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/পিবি/পিডি/০০১৩ ঘ.
bdnews24