নীলফামারী, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের আধাঘণ্টার মধ্যেই পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে গেলো এক ডাকাত সর্দার।
বৃহস্পতিবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার হলদিবাড়ি গ্রামের তিস্তা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে তিস্তা নদীর পাড় থেকে একাধিক মামলার আসামি ডাকাত রমজান আলীকে (৫৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তিনি দৌঁড়ে পালিয়ে যান।
জলঢাকার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার পারভেজ সাফিন চৌধুরী বলেন, হলদিবাড়ি গ্রামের বাসিন্দা রমজান কুখ্যাত ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছিলো।
পুলিশ জানায়, তিন পুলিশ সদস্য সাদা পোশাকে রমজানকে গ্রেপ্তার করে হাতকড়া পড়ায়। পরে তাকে নিয়ে থানার দিকে রওয়ানা দেয়। রমজান পুলিশের সঙ্গে হেঁটে যাচ্ছিলো। কিছুদূর যাওয়ার পর একপর্যায়ে রমজান পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
জলঢাকা থানার ওসি শেখ লেলিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রমজানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩৪ ঘ.
bdnews24