মাদারীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে এক সাংবাদিককে মারধর করেছে একদল দুর্বৃত্ত।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ হামলার শিকার হন একুশে টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশ।
উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই।
নজরুল ইসলাম পলাশ সাংবাদিকদের বলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল মামুনের সঙ্গে স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ীর বিরোধ ছিল।
এর জের ধরে উপজেলার চেয়ারম্যান এলাকার লোকজন নিয়ে এহসানুল মামুনকে লাঞ্ছিত করতে যান। কিন্তু ওই সময় মামুনকে না পেয়ে তার উপর হামলা চালায়।
পলাশ আরো বলেন, "আমাকে মারধর করার পর সেখানে উপস্থিত উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বলেন- তোর জন্য এসি (ল্যান্ড) মামুনকে মারতে পারি নাই। তাই তোকে মারলাম।"
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে হামলাকারীরা এহসানুল মামুনকে মারতে গেলে তিনি অফিস থেকে কৌশলে বের হয়ে যান। তখন সেখানে উপস্থিত নজরুল ইসলামকে মারধর করে।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল মামুন বলেন, "উপজেলা চেয়ারম্যানের সামনে কিছু লোক আমাকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। আমি ওখান থেকে চলে আসার পরই পলাশকে লাঞ্ছিত করে তারা।"
পাভেলুর রহমান শফিক খান বলেন, "উত্তেজিত দোকানদাররা সহকারী কমিশনারকে মারতে গেলে আমি তাদের থামানোর জন্য সেখানে যাই। আমার সামনে পলাশকে যারা মারধর করেছে তাদের আমি চিনি না।"
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, সহকারী কমিশনার এহসানুল মামুনের সঙ্গে এক স্থানীয় দোকানদারের বিরোধ হয়েছিল। দুপুরে ওই ব্যবসায়ীর ভাই লোকজন নিয়ে মামুনকে মারতে আসে। তাকে না পেয়ে একুশে টিভির সাংবাদিককে মারধর করে।
ইউএনও আরো বলেন, "ওই সময় উপজেলা চেয়ারম্যান গণ্ডগোল থামাতে ঘটনাস্থলে গিয়েছিলেন।"
মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক গোলাম মাওলা আকন্দ বলেন, সাংবাদিককে মারধরের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে সন্ধ্যায় প্রেসক্লাবে জরুরি সভা ডাকা হয়েছে। সভায় সিদ্ধান্ত মোতাবেক এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24