ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত চার দিনে জাল বাংলাদেশি টাকা, ভারত রুপি এবং মার্কিন ডলার উদ্ধার এবং সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল খায়ের, পলাশ, মো. সাইফুল ইসলাম, সুমন, কাউসার, আলাউদ্দিন ও তার স্ত্রী শাহীন আক্তার।
এদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ লাখ টাকা, সাড়ে তিন লাখ ভারতীয় রুপি এবং ৩০ হাজার মার্কিন ডলারসহ বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে গোয়েন্দা অভিযানের নেতৃত্বে থাকা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, "১৫ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থেকে হুমায়ুন কবির ও তার সহযোগী আবুল খায়ের ও পলাশকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ লাখ ২১ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।"
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সাইফুল ইসলামকে মঙ্গলবার রাতে খিলক্ষেত থেকে আটক করা হয়। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী দক্ষিণ খানের প্রেম বাগান এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা মশিউর জানান, সুমনের বাসা থেকে একটি কম্পিউটার, জলছাপ দেওয়ার যন্ত্রপাতি, ছাপার কালি এবং বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।
তিনি বলেন, "তাদের দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের চুনপুটিয়া ইউনিয়নের কাউসারের বাসা থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি স্ক্যানার উদ্ধার করা হয়। কাউসার মোহাম্মদপুরে গ্রেপ্তার হওয়া হুমায়ুনের ছোট ভাই।"
একই সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী শাহীন আক্তারকে গ্রেপ্তার করা বলে জানান মশিউর।
তাদের বাসা থেকে প্রায় তিন লাখ ৫০ হাজার ভারতীয় রূপী এবং ৩০ হাজার জাল মার্কিন ডলার উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার মশিউর বলেন, "এরা একটি সংঘবদ্ধ দল। জাল মুদ্রা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে তারা বিক্রি করে থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/১৭২৫ ঘ.
bdnews24