২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ১১তম অধিবেশন: মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

নবম জাতীয় সংসদের ১১তম অধিবেশনের কারণে রাজধানীর নির্দিষ্ট কিছু সড়কে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 04:21 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোরব ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের ১১তম অধিবেশনের কারণে রাজধানীর নির্দিষ্ট কিছু সড়কে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ২০ অক্টোবর বিকেল ৪টায় এই অধিবেশন বসবে। সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি গত ৪ অক্টোবর সংসদ অধিবেশন আহ্বান করেন। ডিএমপি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগর জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং যে কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে। গত ২৫ আগস্ট চলতি সংসদের ১০ম অধিবেশন শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১০২০ ঘ.