ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজি প্রেসের গোপণীয় শাখার অফসেট প্রিন্টিং ও কম্পিউটার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে খবর পেয়ে আগুন নেভানোর গাড়ি পৌঁছার আগেই নিভে যায়।
এদিকে আগুনের কারণে ওই শাখার কর্মীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক জানান, নতুন একটি মিটার লাগিয়ে বিদ্যুৎসংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি।
বিজি প্রেসের উপ-পরিচালক জাকির হোসেনের সহকারী মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে নতুন মিটারের বিদ্যুৎসংযোগ দেওয়ামাত্র গোপনীয় শাখার সব কক্ষের বৈদ্যুতিক বাতিগুলো শব্দ করে বন্ধ হয়ে যাওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৬ ঘ.
bdnews24