ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধার মুখে কোথাও বসতে না পেরে অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী মঙ্গলবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, "গতকাল থেকে প্রেসক্লাব, শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনশন করার চেষ্টা করেছি। কিন্তু পুলিশি বাধার কারণে করতে পারিনি। তাছাড়া অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই এক সপ্তাহের জন্য আমরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।"
তবে এই এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারো কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত রোববার ডিএসইর সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ব্যক্তি শ্রেণীর এই বিনিয়োগকারীরা। সেদিনও ব্যাপক দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। এক পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, জাসদ নেতা আসম আব্দুর রবসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ অনশনস্থলে গিয়ে বিনিয়োগকারীদের পাশে থাকার ঘোষণা দেন।
সোমবার সকালে পুলিশ ডিএসইর সামনে থেকে অনশনকারীদের সরিয়ে দেয়। বিনিয়োগকারীদের দাবি মেনে আয়কর রেয়াতের মতো প্রণোদনার ঘোষণাসহ একটি উপদেষ্টা কমিটি করার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। তারপরও জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদ ঘোষণা দেয়, তাদের ১৪ দফা দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।
পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ সংবাদ সম্মেলনে বলেছিলেন, "আমরা জাতীয় প্রেসক্লাবেই এ কর্মসূচি পালন করবো। এখান থেকে তুলে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে যাব। সেখান থেকেও তুলে দিলে উচ্চ আদালতে গিয়ে আইনের আশ্রয় নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ফারহান ফেরদৌস জানান, বিনিয়োগকারীদের এই সংগঠনের কয়েকজন সদস্য মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় জড়ো হন। সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে সংগঠনের প্রচার সম্পাদক মিজানুর রহমানকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন খবরে মিজানুরকে ধরে নিয়ে আসা হয়েছে।
এরপর বিকেল ৪টায় পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
গত দু সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমার পর রোববারও ব্যাপক দরপতন হয়। সোমবার সূচক বাড়লেও লেনদেন হয় নয় মাসের মধ্যে সবচে কম। আর মঙ্গলবার লেনদেন শেষে সূচক ১১৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৩০৭ দশমিক ৪৩ পয়েন্ট।
পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মঙ্গলবার বলেন, "সেকেন্ডারি বাজার ঠিক করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এর পরেও বাজার স্বাভাবিক অবস্থায় ফিরছে না। কীভাবে ঠিক হবে আমি জানি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফএস/আরবি/জেকে/১৭৪৭ ঘ.
bdnews24