২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি বেচাকেনা মামলার তদন্ত কর্মকর্তা বদলি

জয়পুরহাটে কিডনি বেচাকেনা মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানার ওসি ফজলুল করিমকে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

জয়পুরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে কিডনি বেচাকেনা মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানার ওসি ফজলুল করিমকে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। গত বুধবার (১২ অক্টোবর) ফ্যাক্সযোগে এ বদলির আদেশ জয়পুরহাট পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কার্যালয়ে আসে। তবে ওই আদেশে জেলার নাম ভুল থাকায় সংশোধনের জন্য তা আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে। জয়পুরহাটের এসপি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আলোচিত এই মামলার তদন্তের মাঝপথে তদন্ত কর্মকর্তা বদলির খবরে বিষ্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, এরফলে কিডনি বেচাকেনা মামলার তদন্ত ও বিচার কাজ ক্ষতিগ্রস্ত হবে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এ বদলির সঙ্গে মামলাটির তদন্তের কোনো সম্পর্ক নেই। জয়পুরহাটের কালাই উপজেলার ১৮টি গ্রামের অভাবী মানুষদের সরলতার সুযোগ নিয়ে একটি দালাল চক্র প্রায় অর্ধশতাধিক মানুষকে কিডনি বিক্রিতে প্রলুব্ধ করে লাখ লাখ টাকার ব্যবসা করেছে। কালাই থানার ওসি ফজলুল করিমের নেতৃত্বে গত ২৮ অগাস্ট কিডনি পাচার চক্রের স্থানীয় তিন দালালকে গ্রেপ্তার করা হয়। পরে ২৯ অগাস্ট কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ ঘোষ বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর কয়েকদফায় পুলিশ পাচারকারী মূল হোতাসহ এ চক্রের ১০ জনকে গ্রেপ্তার করে। এরমধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন সাতজন। ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা এ চক্রের সঙ্গে জড়িত দেশের বেশ কয়েকজন চিকিৎসক ও কয়েকটি নামিদামি হাসপাতালের নাম ফাঁস করে দেয়। এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারও হয়। কিডনি বিক্রয়ের এলাকা হিসেবে পরিচিতি পাওয়া কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার তদন্ত কর্মকর্তার বদলির খবরে বিষ্ময় প্রকাশ করে বলেন, তদন্ত সমাপ্ত না করতেই এই কর্মকর্তার বদলির বিষয়টি সাধারণ মানুষ সন্দেহের চোখে দেখছে। একই এলাকার উদয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম টুকু বলেন, তদন্ত শেষ না করেই তদন্ত কর্মকর্তাকে বদলি করা হলে মামলার বিচার কাজ বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে বদলি হওয়া ওসি ফজলুল করিম বলেন, গত ২৯ অগাস্ট মামলা দায়েরের পর এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন কিডনি পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। এ পর্যন্ত মামলাটির ৮০ ভাগেরও বেশি তদন্ত কাজ শেষ হয়েছে বলেও তিনি দাবি করেন। বদলির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো সন্তব্য করবেন না। এখানে রাখা না রাখার এখতিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। কাজেই আদেশ পেলেই তিনি সে অনুযায়ী কাজ করবেন। এ বিষয়ে এসপি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, কিডনি বেচাকেনা মামলার সঙ্গে ওসি ফজলুল করিমের বদলির কোনো যোগসূত্র নেই। জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বদলি করেছে। তবে বদলির আদেশে জেলার নাম ভুল থাকায় তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে। আদেশ আসা মাত্র কালাই থানার ওসি ফজলুল করিমকে প্রত্যাহার করে আদেশ কার্যকর করা হবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.