ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ এফ বারীকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য পদে চুক্তিতে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
এজন্য তাকে সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। কাজে যোগ দেওয়ার দিন থেকে তার নিয়োগ কার্যকর হবে।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে প্রশাসনের বেশ কয়েকটি চুক্তি, প্রেষণে নিয়োগ ও দপ্তর বদল করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। এজন্য তার চাকরি বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) সংযুক্ত সেনা কর্মকর্তা মেজর একেএম আনিস উদ দৌলাকে একই দপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
আনসার ও ভিডিপি অধিদপ্তরের উপ-মহাপরিচালক পদে প্রেষণে থাকা সেনা কর্মকর্তা কর্নেল স.ম. গোলাম আমবিয়াকে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মুন্সী সফিউল হককে নিয়োগ করা হয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব ফেরদৌস বেগমকে একইপদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগ আগামী ৩১ অক্টোবর থেকে কার্যকর হবে। ওইদিনই তার অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) উপ-মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োজিত মেজর হাসান আহমেদকে সেনাবাহিনীতে প্রত্যর্পণের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর শাহজাহান কবির।
নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমাণ্ডার ডিএইচএম তৌহিদ ই ইলাহীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খননের সিনিয়র ড্রেজিং মাস্টার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি নৌ-পরিহবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে কর্মরত নৌ-বাহিনীর কমাণ্ডার এম. মাইনুল ইসলাম সরকারকে কর্ম-অধিক্ষেত্রে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োজিত আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সালমা সিদ্দিকাকে কর্ম-অধিক্ষেত্রে ফেরত পাঠানোর জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সিনিয়র সহকারী সচিব ওহিদুল ইসলামকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭১৫ ঘ.
bdnews24