টাঙ্গাইল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, সোমবার ভোর রাতে উপজেলার সল্লায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৩০ ও অপরজনের ২৫।
পুলিশের ধারণা, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসটি সল্লা পৌঁছলে রেল লাইনের পাশে বসে থাকা অবস্থায় ওই দু'জন ট্রেনে কাটা পড়েন।
নিহতদের পকেটে খালেক এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাসের অনেকগুলো টিকিট পাওয়া গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৪১ ঘ.
bdnews24