২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসিতে ভোটের বাইরে ১০ হাজার তরুণ

ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না প্রায় ১০ হাজার জন। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না প্রায় ১০ হাজার জন। এ বছর ১৮ বছরে পা দেওয়া (২০১১ সালের জানুয়ারিতে যারা ভোটারযোগ্য হয়েছেন) চার হাজারের বেশি তরুণ-তরুণী ভোটার হওয়া থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া গতবারের বাদপড়াদের সংখ্যা কমপক্ষে পাঁচ হাজার। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনের আগে এ বছর হালনাগাদ কার্যক্রম হাতে না নেওয়ায় তারা ভোটার হতে পারেনি। এখন আর সময় নেই। বছরের শেষের দিকে ডিসেম্বরে হালনাগাদ কার্যক্রম হাতে নেওয়া হবে। সর্বশেষ ২০১০ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিলো। এর আগে নবম সংসদ নির্বাচনের পর ২০০৯ সালেও নতুন ও বাদ পড়ারা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ জানান, ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকায় প্রথমবারের ভোটার হন ৮ কোটি ১০ লাখেরও বেশি ভোটার। পরবর্তী দুই বছরের হালনাগাদে নতুন ও বাদপড়া (যারা ১৮ বছরেরও বেশি তালিকাভুক্ত হতে পারেনি) ভোটার তালিকাভুক্ত হন ৪৬ লাখেরও বেশি পুরুষ-মহিলা। তালিকাভুক্ত হওয়ার হার পর্যবেক্ষণ করে এই কর্মকর্তা বলেন, প্রতিবছর নতুন ভোটারের হার ১ দশমিক ৪৪ শতাংশ থেকে ১ দশমিক ৫০ শতাংশ। এ সময় বাদপড়াদের হার হবে ১ দশমিক ৭ শতাংশ। ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন। নারায়ণগঞ্জে ২০১১ সালের জানুয়ারিতে নতুন ভোটারযোগ্য পুরুষ-মহিলার সংখ্যা কেমন হতে পারে- জানতে চাইলে এ কর্মকর্তা জানান, ন্যূনতম ভোটার হারে হিসাব করলেও এদের সংখ্যা ৪ হাজারের বেশি। "ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল হওয়ায় গ্রামের চেয়ে বাদপড়া ভোটারদের হারও বেশি থাকতে পারে। এদের সংখ্যা পাঁচ হাজারের কম হবে না", যোগ করেন তিনি। ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তারা জানান, দেশের চারটি এলাকায় ছোট পরিসরে (নওগাঁ, গাজীপুর, ঢাকা ও কক্সবাজার) হালনাগাদের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে গত মাসে। ' এটি এক ধরনের অধিকার বঞ্চনা' "নতুন বা বাদপড়ারা যতো কম সংখ্যকই হোক না কেনো- স্থানীয় নির্বাচনে তা জয়-পরাজয়ে বিশাল ভূমিকা রাখে। আর এতো ভোটার তালিকাভুক্ত হতে না পারাটা এক ধরনের অধিকার বঞ্চনার মতো", বলেন বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজন'র নির্বাহী সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ। তিনি জানান, সঠিক প্রার্থী নির্বাচনে নতুন ভোটারদের ভূমিকা থাকে সব সময়। হয়তো অনেকে ভোটার হতে পারেনি। তফসিল ঘোষণার আগেই নির্বাচনী এলাকায় হালনাগাদের কর্মসূচি নিতে পারলে ভালো হতো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয় জন ও কাউন্সিলর পদে ৩শ' প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৬৩৩ ঘ.