২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামীণ ব্যাংকের ৩২ কর্মীর চাকরিচ্যুতি কেন অবৈধ নয়'

গ্রামীণ ব্যাংকের ৩২ কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ৩২ কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনার পরিচালকসহ নয় জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৯ অক্টোবর গ্রামীণ ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান মিয়াসহ ওই ৩২ কর্মকর্তা-কর্মচারী রিটটি করেছিলেন। রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন, এসএম জহিরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এসএম জহিরুল ইসলাম বলেন, এই ৩২ জনকে গ্রামীণ ব্যাংক চাকরি বিধি-১৯৯৩ এর ১৩(১) ও ১৩(৫) ধারা লঙ্ঘন করে চাকরিচ্যুত করা হয়েছে। এ সময় তাদেরকে কোনো কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়নি। এটা সংবিধানের ২৪ ও ৩১ অনুচ্ছেদের লঙ্ঘন। এসব কর্মকর্তা কর্মচারী ১৯৯০ থেকে ৯৪ সালে চাকরিতে যোগ দেন এবং ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে চাকরিচ্যুত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৫৪৮ ঘ.