মৌলভীবাজার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে শনিবার রাতে ১৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হেলন মিয়া (৪০) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের মকবুল মিয়ার ছেলে।
রোববার আদালতে হাজির করা হলে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
তার বিরুদ্ধে সিলেটের জেলায় খুন, ডাকাতি, পুলিশের উপর হামলা এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ডাকাত সর্দার হেলনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর, জুড়ী, শ্রীমঙ্গল, বড়লেখা ও কমলগঞ্জ সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং হবিগঞ্জের মাধবপুর থানায় ডাকাতি, খুন, অস্ত্র আইনে, পুলিশের ওপর হামলার অভিযোগে ১৭টি মামলা রয়েছে।
এরমধ্যে কুলাউড়া থানায় ৫টি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি আরো বলেন, তার একটি সংঘবদ্ধ ডাকাতচক্র রয়েছে। বিভিন্ন মামলায় সে ইতোমধ্যে ১০-১২ বার জেল খেটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.
bdnews24