২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূর লাশ উদ্ধার

সাভার পৌর এলাকা থেকে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 06:40 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

সাভার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকা থেকে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ব্যাংক কলোনি মহল্লার একটি ভাড়া ফ্লাটে ভারতী হালদার ওরফে শিউলি (২৫) নামের ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। শিউলি পিরোজপুরের মঠবাড়ী উপজেলার উত্তর সুনাখালী এলাকার রতন হালদারের মেয়ে। তার স্বামী নিপন কান্তি হালদার ঢাকায় সন্ধানী লাইফ ইন্সুরেন্সে চাকরি করেন। সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বটি ও দু'টি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, ভেতর থেকে দরজা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে নিজেই গলা কেটে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহতের বড় ভাই উত্তম হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশ বছর আগে তার বোনের বিয়ে হয়েছে। সাংসারিক জীবনে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আবার ঠিক হয়েও যেত। তার বোন আত্মহত্যা করেছে বলে তার বিশ্বাস হচ্ছে না। পাশের ফ্ল্যাটের ভাড়াটে গৌরাঙ্গ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহতের চার বছরের মেয়ে জয়া হালদার দুপুরে ঘরের দরজা ধাকাচ্ছে, কিন্তু তার মা দরজা খুলছে না। অনেক পরে আমরাও অনেক ডাকাডাকি করি। তারপরও দরজা না খোলায় তার স্বামী ও স্বজনদের ফোন করি। তারও পরে পুলিশকে খবর দিই।" গত ১ অক্টোবর শিউলিরা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.