চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়ায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মীর কাশেম (২২), নেছার উদ্দিন (২৫), ইউনুস (২৩) ও গিয়াস উদ্দিন (২৫)।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার আউলিয়া এলাকায় অবস্থিত লোকমান হাকিমের মালিকানাধীন জিরি সুবেদার ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত নজির হোসেন (৩৫) ও গোলাপ (২৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহতদের রাত সাড়ে ৮টায় চমেক হাসপাতালে আনার পর চারজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।"
জিরি সুবেদার শিপ ইয়ার্ডের মহাব্যবস্থাপক মো. সেকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যায় ইয়ার্ডে একটি জাহাজের গ্যাস ফ্রি করার সময় তা বের হয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে।"
এতে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লেও নিহত হওয়ার খবর তিনি জানেন না বলে দাবি করেন মহাব্যবস্থাপক।
এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানা পুলিশের কোনো সদস্যই কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫৭ ঘ.
bdnews24