ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছে আদালত।
রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চে প্রথম দফা শুনানি শেষে এ দিন নির্ধারণ করা হয়। তবে ওই আদেশের আগে দ্বিতীয় দফা শুনানিও হবে।
ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর অ্যাসথেটিক প্রোপার্টিজ নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ১৯ সেপ্টেম্বর তিনি জামিন পান। এরপর ১১ অক্টোবর রিটটি দায়ের করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এর ধারা ৫, ৬(১), ৬(২), ৬(৪), ৭, ৮(১), ৯, ১০, ১১, ১৩, ১৫ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।
শুনানি শেষে রিটকারীর আইনজীবী হাসান এম এস আজিম বলেন, "আজ প্রাথমিক শুনানি শেষ করে আদালত আদেশের দিন ধার্য করেছে। আদেশের আগে সোমবার আরো শুনানি হবে।"
৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগের ক্ষমতা, ৬(১), ৬(২), ৬(৪), ৭, ৮(১), ৯, ১০ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পদ্ধতি, ১১ ধারায় জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া ক্ষমতা, ১৩ ধারায় আপিল এবং ১৫ ধারায় তফসিল সংশোধনে সরকারকে দেওয়া ক্ষমতার কথা বলা হয়েছে।
আজিম বলেন, "আবেদনে এই সব ধারা কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না এবং কামরুজ্জামান খানকে দেওয়া শাস্তি কেন বাতিল করা হবে না- এই মর্মে রুল চাওয়া হয়েছে।
রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম, রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
এর আগে শুনানিতে আজিম বলেন, মাজদার হোসেন মামলা রায় অনুযায়ী বিচার করবে কেবল বিচার বিভাগের লোক। নির্বাহী বিভাগের কেউ বিচার করতে পারবে না। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া সংবিধানের ৭, ২২, ২৭, ৩১ ও ৩৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
"দোষ স্বীকার করলেই মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া যায়। এই সাজার বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যাবে। কিন্তু ফৌজদারি কার্যবিধির ৪১২ ধারা অনুযায়ী দোষ স্বীকার করলে সাজার বিরুদ্ধে আপিল করা যায় না।"
"ওই আইনে জেলা ম্যাজিস্ট্রেটকে সাজা প্রদানের ক্ষমতা ও এই সাজার বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। যা সংবিধান ও মাজদার হোসেনের মামলার রায়ের সঙ্গে প্রতারণার শামিল", যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১৪৩ ঘ.
bdnews24