গাইবান্ধা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলাসহ দুজনের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে পশ্চিম কুপতলা গ্রামে এ দুর্ঘটনায় নিহতরা হলেন হাফেজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৫৫) ও কোরবান আলীর স্ত্রী ইছোভান বেগম (৪৫)।
কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তারা জানান, মোজাম্মেল বাড়ির পাশের ধান ক্ষেত থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথে তার মাথার উপরে থাকা ঘাসের বোঝার সঙ্গে বিদ্যুতের খোলা তারের স্পর্শ হলে মোজাম্মেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় প্রতিবেশী ইছোভান বেগম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ওসি আফজাল হোসেন খাঁন জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে ভাতগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়ার (১৪) মৃত্যু হয়।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশের হারুন ইঞ্জিল জানান, লিমন মিয়া নানা বাড়ি থাকতো। বেলা সাড়ে ১২টার দিকে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
চেয়ারম্যান নওশের হারুন ইঞ্জিল পরিবারের বরাত দিয়ে জানান, লিমনের মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে গোসল করার সময় এ রোগে আক্রান্ত হওয়ায় সে পানিতে ডুবে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএম/১৮০০ ঘ.
bdnews24