ময়মনসিংহ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরে নিহত সেনাসদস্যের স্ত্রী তার স্বামীর খুনের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আরেক সেনা সদস্যের সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে তারা দু'জন মিলে এ খুন করেছেন বলে জবানবন্দিতে তিনি স্বীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন শনিবার মাহবুবের স্ত্রী শিল্পী আক্তারের জবানবন্দি নেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের আকুয়া বোর্ডঘর সংলগ্ন খালপাড় এলাকার ভাড়া বাসায় খুন হন ল্যান্স কর্পোরাল মাহাবুবুল আলম (৩৬)।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাতে শিল্পী আক্তারকে আটক করা হয়। জবানবন্দি শেষে তাকে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ওসি গোলাম সারওয়ার জবানবন্দির বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, রেজাউল নামের এক সেনা সদস্যর সঙ্গে শিল্পীর অনৈতিক সর্ম্পক ছিল।
রেজাউল ময়মনসিংহ সিএমএইচে কর্মরত থাকাকালে শিল্পীর সঙ্গে পরিচয় হয়। রেজাউল বর্তমানে ঢাকায় সিএমএইচে সিপাহী হিসেবে কর্মরত আছেন।
জবানবন্দিতে আরো বলা হয়, বৃহস্পতিবার রাতে মাহাবুবুলকে সেমাইয়ের সঙ্গে ঘুমের বড়ি খাওয়ান শিল্পী। এরপর গভীর রাতে রেজাউল এসে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেন মাহাবুবুলকে। এ সময় শিল্পী তাকে সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.
bdnews24