২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী দায়িত্বপালনে শৈথিল্য নয়: ছহুল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। শনিবার চাষাঢ়ার জিয়া হলে নির্বাচনের প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া আছে, তারা যেন সতর্ক থাকে।" নির্বাচনে ভোটাররা যাতে ভয়হীনভাবে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে পুনরায় ঘরে ফিরতে পারে, সে ব্যবস্থা নির্বাচন কমিশন করবে বলে জানান ছহুল। নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে নির্বাচন কমিশন কঠোর থাকবে জানিয়ে তিনি বলেন, "কেউ বিধি লঙ্ঘন করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই- সবার কাছে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ,অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।" আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। ২০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট ক্যমেরা) স্থাপন করা ছাড়াও নিজস্ব ভিডিও ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, "প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।" মতবিনিময় সভার আগে ছহুল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৪৪৬ ঘ.