সিলেট, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের অপসারণসহ চার দফা দাবিতে দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এসময় তারা ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপূল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও অন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দক্ষিণ সুরমা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জয়নুল ইসলাম শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। জয়নুল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ক্লাস নেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- দ্বাদশ শ্রেণীর সবাইকে নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য ষোষণা দিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া, কলেজের ফি কমানো ইত্যাদি।
পরে পুলিশের সহায়তায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সাড়ে ১২টার দিতে তারা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানায়, অন্যান্য কলেজে নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে পরীক্ষা নেওয়া হলেও তাদের ১২টি বিষয়ে পরীক্ষার ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কলেজের ফি দিনদিন বাড়ানো হচ্ছে।
কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম জানান, ছাত্রী নির্যাতনের বিষয়টি কেউ তাকে লিখিতভাবে জানায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা না দিয়েই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে চায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ওই শিক্ষক দোষী প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ সুরমা থানর ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৪ ঘ.
bdnews24