ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন পরিচালনায় ৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যয়ও যোগ হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় নির্বাচন পরিচালনার ৪৩ খাতে ৫ কোটি ৯ লাখ ১৯ হাজার ৯২৯ টাকা বরাদ্দ চেয়ে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়।
এর মধ্যে বৃহস্পতিবার অর্থ বিভাগ ৪ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অনুমোদন করেছে বলে ইসির উপসচিব খুরশিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বরাদ্দ অর্থের ৮৩ লাখ ৬৮ হাজার ৭০০ টাকা ইতোমধ্যে ছাড় হয়েছে। পর্যায়ক্রমে বাকি অর্থ ছাড় হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আলাদা বরাদ্দ চাওয়া হবে বলে খুরশিদ জানান।
নির্বাচন পরিচালনা ব্যয়ের উল্লেখযোগ্য অংশ ভোটগ্রহণ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পারিশ্রমিক, নির্বাচনী মালামাল (স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, আম কাঠের প্যাকিং বাক্স, অমোচনীয় কালি ইত্যাদি) কেনা, ব্যালট পেপার, বিভিন্ন ফরম, প্যাকেট, নির্দেশিকা, ম্যানুয়াল, মনিটরিং সেল, প্রচারণা, ভোটকেন্দ্র-ভোটকক্ষ নির্মাণ, কক্ষ সংস্কার, ভোটকেন্দ্রের বেষ্টনি নির্মাণ, ভোটকেন্দ্রের মনোহারি দ্রব্য কেনা, পরিবহন ভাড়া, কর্মকর্তাদের ডাক, তার, বার্তাবাহক, জ্বালানিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী কেনা খাতে ব্যয় হয়।
ইসি কর্মকর্তারা জানান, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রায় সম পরিমাণ করে অর্থ ব্যয় হয় ইসির। তবে নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার হওয়ায় নারায়ণগঞ্জে ব্যয় বাড়তে পারে।
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় এনসিসি নির্বাচনে দ্বিতীয়বারের মতো ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এর আগে একেবারের ছোট্ট পরিসরে মাত্র একটি ওয়ার্ডে গত বছরের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়।
আইন শৃঙ্খলা খাতে পরিচালনা ব্যয়ের কাছাকাছি ব্যয় হতে পারে বলে ধারণা করছেন তারা।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইতোমধ্যে জানান, এ নির্বাচনে প্রায় সাড়ে ৫ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া নির্বাহী ও বিচারিক হাকিম, নিজস্ব পর্যবেক্ষকও থাকবে।
পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজন হলে সেনা মোতায়েনের কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
নারায়ণগঞ্জে ৪ লাখ ৩ হাজার ৭০৬ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ১৬৩, ভোটকক্ষ ১২১৭। এসময় ভোটগ্রহণ কর্মকর্তা থাকবে ৩৮১৪ জন। এরমধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ১৬৩, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ১২১৭, পোলিং কর্মকর্তা ২৪৩৪ জন নিয়োজিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24