ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িভাড়া সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয় ভাড়াটিয়া পরিষদ ও ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটি নামের দুটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে ভাড়াটিয়া পরিষদের কার্যকরী সভাপতি মোক্তার হোসেন খান বলেন, "বাড়িওয়ালারা নানা ট্যাক্সের অজুহাতে বাড়ি ভাড়া বাড়ান। অথচ ডিসিসি বলেছে, গত ১৭ বছরে তারা কোনো ট্যাক্স বাড়ায়নি।"
সাধারণ মানুষ বাড়িওয়ালাদের কাছে জিম্মি হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, "বর্তমানে বাড়ি ভাড়ার যে অবস্থা, তাতে সৎ উপার্জনে এ শহরে টিকে থাকা কঠিন।"
বাড়ি ভাড়া নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) ১৯৯১ সালের বিধিমালা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান তিনি।
মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসিসির নীতিমালা অনুযায়ী ধানমণ্ডি এলাকা ছাড়া ঢাকা শহরের অন্যান্য এলাকায় বাড়ি ভাড়া হওয়ার কথা প্রতি বর্গফুট ৪ থেকে ৭ টাকা হারে। আর ধানমণ্ডিতে বর্গফুট প্রতি ভাড়া হবে ১২ থেকে ১৬ টাকা।
জাতীয় ভাড়াটিয়া পরিষদ ও ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটির নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/২০৫০ ঘ.
bdnews24