আব্দুর রহিম বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
শেরপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্তের পাহাড়ি এলাকায় আগাম ধান কাটা শুরু হয়েছে।
পাহাড়ের কোল ঘেঁষে দিগন্ত জুড়ে ফসলের মাঠে এখন বাইশমুঠি ধানের সমারোহ। বাতাসে দুলছে পাকা ধানের সোনালী শীষ। এই কার্তিকের অভাবের দিনে কৃষকের গোলায় উঠছে পাকা ধান। তাই খুশিতে তারা আত্মহারা।
আমন মৌসুমের এক মাস আগে বাইশমুঠি নামের স্থানীয় জাতের এই ধান কাটা শুরু হয়। কোনো কোনো স্থানে আশ্বিন মাসের শেষ দিকেই এ ধান কাটা শুরু হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ায় এবার এ অঞ্চলে বাইশমুঠি ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ফলন হয়েছে ১২ থেকে ১৪ মণ।
এলাকার কৃষকরা জানান, আগের দিনগুলোয় কার্তিক মাসে এই পাহাড়ি এলাকায় মানুষের দিন কেটেছে কষ্টে। তাকিয়ে থাকতে হতো আমন ধানের দিকে। কিন্তু এখন দিন বদলে গেছে।
কয়েকবছর আগে এ এলাকায় এ ধানের চাষ শুরু হয়। প্রথমে দুায়েকজন করলেও এখন ছড়িয়ে পড়েছে পুরো পাহাড়ি এলাকায়।
শেরপুর জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অনিমেষ চন্দ্র রায় জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় এক হাজার ৪৫০ হেক্টর জমিতে বাইশমুঠি ধানের আবাদ হয়েছে।
এ ধান আবাদের সুবিধা হচ্ছে, কার্তিকের আগেই কাটা যায়। এরপর একই জমিতে সরিষা, আউশ, বোরোসহ চারটি ফসল ফলানো যায়।
অনিমেষ চন্দ্র রায় আরো জানান, চাষ শুরুর তিন মাসের মধ্যে এ ধান কাটা যায়। প্রতিবিঘা জমিতে ১২ থেকে ১৪ মণ ধান হয়। এখন বাজারে দামও ভালো। এতে ঘাস ফড়িংসহ অন্য পোকামাকড়ের আক্রমণও হয় না।
উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি গ্রামের কৃষক অসিম চিছাম ও বাহাদুর চিছাম জানান, এ ধান কবে কোথা থেকে কিভাবে এসেছে তা জানা যায়নি। তবে এর আবাদের কারণে পাহাড়ে কার্তিকের অভাব দূর হয়েছে।
ওই গ্রামেরই সুফলা চিছাম ও ডেবিট মানকিন জানান, আগে আশ্বিন ও কার্তিক মাসে এলাকায় কাজ থাকতো না। এ ধান আবাদের ফলে অভাবের এ সময়ে এলাকায় কাজও পাওয়া যাচ্ছ। আষাঢ় মাসে লাগিয়ে আশ্বিন মাসে এ ধান কাটতে হয়।
নয়াবিল গ্রামের মো. ফজলু মিয়া জানান, এক সপ্তাহ পর থেকে বাইশমুঠি ধান কাটা পুরোদমে শুরু হবে। এ ধানে চালের পড়তাও ভালো। বাজরে প্রতিমণ ধান ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24