ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার সারাবিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, "পৃথিবীতে এ পর্যন্ত যতো যুদ্ধাপরাধের বিচার হয়েছে তাদের থেকে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। এই বিচার সারা বিশ্বের মধ্যে একটা মডেল, দৃষ্টান্ত হয়ে থাকবে।"
যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
"আমরা তাদের হাতে কোনো তালিকা তুলে দিইনি, কোনো রাজনৈতিক দলকে কাঠগড়ায় দাঁড় করাইনি," বলেন তিনি।
কামরুল বলেন, যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে এমনকি টোকিও এবং ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালেও যে সুযোগ ছিলো না, বাংলাদেশে সেই আপিলের সুযোগ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারকে স্বাগত জানিয়েছেন বলে কামরুল জানান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দাবি নাকচ করে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের পথ চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এটা আর জীবনেও ফেরত আসবে না।"
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত 'বিএনপি জামায়াতের রাজনীতি- সন্ত্রাসী, লুটেরা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান' শীর্ষক এই আলোচনা সভায় কামরুল ছাড়াও বক্তব্য রাখেন একাডেমির সভাপতি হেমায়েতউদ্দিন বীরবিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৪৪৪ ঘ.
bdnews24