২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে সফল মনে করেন হোসনে আরা

বিতর্কিত হয়ে বিদায় নিতে হলেও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিজেকে শতভাগ সফল দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 05:33 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত হয়ে বিদায় নিতে হলেও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিজেকে শতভাগ সফল দাবি করেছেন। পদত্যাগের পরদিন বৃহস্পতিবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "অধ্যক্ষ হিসেবে আমি শতভাগ সফল। আমি অধ্যক্ষ থাকাকালীন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ প্রতিটি পরীক্ষায় সর্বোচ্চ সফলতা দেখিয়েছে।" কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা জেলা প্রশাসক মহিবুল হকের কাছে বুধবার পদত্যাগপত্র জমা দেন হোসনে আরা। এতে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। ২০১০ সালের জুন মাসে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে যোগ দেন হোসনে আরা। চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত তিনি ঢাকার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে রক্ষায় হোসনে আরাও চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এরপর ছাত্রীদের আন্দোলনের মুখে অধ্যক্ষের পরিবর্তন হয়। গত ১৪ জুলাই ছুটিতে যান হোসনে আরা। হোসনে আরা দাবি করেছেন, অধ্যক্ষ হিসেবে মাত্র এক বছর দায়িত্ব পালন করেই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 'চেহারা' বদলে দিতে পেরেছেন তিনি। "আমি অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন চারটি পাবলিক পরীক্ষা হয়েছে। এর মধ্যে পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষায় ভিকারুননিসা দেশসেরা, অষ্টম শ্রেণীর জেএসসিতে দশমিক চার পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থান, এসএসসিতে সার্বোচ্চ এক হাজার ৫০ জনের জিপিএ-৫ প্রাপ্তি এবং এইচএসসিতে সার্বোচ্চ সংখ্যক ৯৩১ জন জিপিএ-৫ পেয়ে দেশে দ্বিতীয় স্থান অধিকার করে ভিকারুননিসা," দাবির পক্ষে তথ্য তুলে ধরেন তিনি। হোসেন আরা বলেন, তার দায়িত্ব নেওয়ার আগে থেকে ভিকারুননিসায় অস্থিরতা বিরাজ করছিলো। "সাবেক অধ্যক্ষ হামিদা আলী যে সুনাম অর্জন করেছিলেন, তার চলে যাওয়ার পর ক্রমেই তা নিচের দিকে নেমে যায়। নিরলস পরিশ্রম করে সেই গৌরব ফিরিয়ে এনেছিলাম।" প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠানের 'সাহসী' পদক্ষেপ নিয়ে তিনি প্রতিষ্ঠানটিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বলেও দাবি করেন। ৩৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞাতাসম্পন্ন হোসনে আরা ১৯৭৫ সালে তেজগাঁও কলেজে শিক্ষকতা শুরু করেন। নূর মোহাম্মদ শেখ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২২ বছর শিক্ষকতা করে ১৯৯৯ সালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন তিনি। ২০১০ সালের জুলাই মাসে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন হোসনে আরা। নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ নাকচ করে তিনি বলেন, গত ৬ জুন শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ভিকারুননিসার বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ছাত্রীদের লিখিত আবেদন পাওয়ার দিনই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়। আর নির্যাতিত ছাত্রী লিখিত দেয় ৪ জুলাই। নির্যাতিত ছাত্রীর অভিযোগ পাওয়ার ছয় দিন আগেই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিলো দাবি করে তিনি বলেন, "এ নিয়ে অনেকেই রাজনীতি করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১১১৫ ঘ.