২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীনা অ্যাওয়ার্ড পেলেন ২৯ সংবাদকর্মী ও লেখক

শিশু অধিকারের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য ২৯ সংবাদকর্মী ও লেখককে চলতি বছরের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে ইউনিসেফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 08:24 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু অধিকারের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য ২৯ সংবাদকর্মী ও লেখককে চলতি বছরের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে ইউনিসেফ। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এবারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর ক্যারল ডি রয়, যাদুশিল্পী ও ইউনিসেফের শিশু অধিকার বিষয়ক অ্যাডভোকেট জুয়েল আইচ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা। শিশু অধিকারকে এগিয়ে নিয়ে যাওয়াই মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের চেতনা- উল্লেখ করে ক্যারল ডি রয় বলেন, "আপনাদের বহুমাত্রিক প্রতিবেদন এবং সৃজনশীল কাজের জন্য আমি ধন্যবাদ জানাই। এ বিষয়টিকে আপনারা শুধু তুলেই ধরেননি, শিশুদের কণ্ঠস্বর ও মতামতকেও আপনারা সবার সামনে নিয়ে এসেছেন।" মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের বিচারক মণ্ডলির সদস্য শামীম রেজা বলেন, "গত কয়েক বছরে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তিগত এবং পেশাদারিত্বের দিক দিয়ে একটি ভাল অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের জন্য এটা খুবই আশার কথা। কিন্তু সাংবাদিকতার অন্যতম প্রধান যে ভিত্তি- সেই এথিকাল ভ্যালুর ব্যাপারে ইলেকট্রনিক মিডিয়াকে আরো যতœশীল হতে হবে।" শিশুদের নিয়ে খবর প্রকাশের ক্ষেত্রে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়ে শামীম রেজা বলেন, "রিপোর্টের খাতিরে কাউকে নিরাপত্তা সংকটে ফেলা উচিত নয়। এটা শুধু শিশুদের বেলায় নয়, সবক্ষেত্রে প্রজোয্য।" বিচারকমণ্ডলীর আরেক সদস্য সাংবাদিক সুমনা শারমিন বলেন, "ফিচারে কিংবা সম্পাদকীয়তে আসলেও মূল ধারার সাংবাদিকতায় অর্থাৎ হার্ডনিউজে শিশু অধিকারের বিষয়টি আসছে না। এ দায় অবশ্যই আমাদের নিতে হবে।" তবে শিশু অধিকার বিষয়ে ইউনিসেফের এ উদ্যোগকে প্রশংসা করেন তিনি। ইউনিসেফের উদ্যোগে ২০০৫ সাল থেকে শিশু অধিকার বিষয়ে সৃজনশীল মাধ্যম ও সাংবাদিকতায় অবদানের জন্য মীনা মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে আসছে। জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার নামানুসারে এ পুরস্কারের নামকরণ হয়েছে। বিজয়ীরা প্রত্যেকে ৫০ হাজার টাকা এবং একটি করে ক্রেস্ট পেয়েছেন এবার। প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের চারশোরও বেশি প্রতিযোগীর কাজ বিচার করে এবারের সপ্তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হলো বলে অনুষ্ঠানে জানানো হয়। বয়স-ভিত্তিক প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের জন্য বিজয়ীরা যথাক্রমে ৫০, ২৫ ও ১৫ হাজার টাকা এবং একটি করে ক্রেস্ট পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/০২১০ ঘ.