২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতাদের পাওয়া যাচ্ছে না, জানালো পুলিশ

গাড়ি ভাংচুর মামলার আসামি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদসহ ছয় নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আদালতকে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ভাংচুর মামলার আসামি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদসহ ছয় নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আদালতকে জানিয়েছে পুলিশ। এ জন্য তাদের আত্মসমর্পণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিতে আদালতে আবেদন করা হয়েছে। পুলিশের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার আদালতের হাকিম আসাদুজ্জামান নূর আগামী ৩০ অক্টোবরের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। জামায়াতের ভারপ্রাপ্ত আমির ছাড়া অন্য পাঁচ নেতা হলেন- দলের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুদ্দিন মানিক, সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং শিবির নেতা শফিকুর রহমান। গত ১৯ সেপ্টেম্বর বিজয় নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলার আসামি তারা। তাদের পাওয়া যাচ্ছে না বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম। পল্টন থানায় দ্রুত বিচার আইনে করা এ মামলায় গত ২৮ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১৬১ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। এদের মধ্যে ১৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৫২ ঘ.