ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) সদস্য পরিচয়ে চিঠি পাঠিয়ে দুই ব্যক্তি আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৪০ কোটি টাকা চাঁদা দাবি করেছে।
১৭ অক্টোবরের মধ্যে চাঁদা না দিলে বোমা মেরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত আশা টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. শাহজাহান বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে চিঠিটি সংযুক্ত করা হয়েছে।
থানার ওসি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা এই চিঠি পান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে থানায় জানানোর সিদ্ধান্ত হয়।
মাসুদ এবং সোহাগ নাম উল্লেখ করে হুজির সক্রিয় সদস্য পরিচয় দিয়ে চিঠিতে বলা হয়েছে, হুজির বেশ কয়েকজন সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের ছাড়াতে অনেক টাকার প্রয়োজন। তাই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৪০ কোটি টাকা চাঁদা দাবি করছি।
টাকা না পেলে রেজিস্ট্রারের পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।
চিঠিতে মাসুদ ও সোহাগ নিজেদের তিন বছর আফগানিস্তানে যুদ্ধ এবং ৯৫টি খুন করার অভিজ্ঞতার কথা বলেছে।
পুলিশ কিংবা অন্য কোনো সংস্থাকে এ ব্যাপারে না জানানোর জন্যও হুমকি রয়েছে চিঠিতে।
হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) দলটি কয়েক বছর আগে নিষিদ্ধ করা হয়। এর শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনার বটমূলে বোমা হামলাসহ অনেকগুলো মামলা রয়েছে তার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৪১৮ ঘ.
bdnews24