সাভার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনে কথিত ধর্ষণ মামলার আসামি স্কুল শিক্ষকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাভারের আশুলিয়ার বাইদগাঁও এলাকাবাসী।
এলাকার ছাত্র-ছাত্রী, যুবক, বৃদ্ধসহ সর্বস্তরের জনতা ঘটনার সুষ্ঠু বিচার এবং কবিরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ঘটনার হোতাদের শাস্তির দাবি জানিয়েছে।
এদিকে ঘটনার পর থেকে সপরিবারে পালিয়ে গেছে এলাকাবাসীর চোখে ঘটনার মূল হোতা হাফিজ উদ্দিন মুন্সি।
পুলিশের হাতে আটক অবস্থায় সোমবার ধর্ষণ মামলার আসামি আশুলিয়ার বাইদগাঁও এলাকার বাসিন্দা ও কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁন মিয়ার (৬০) মৃত্যু হয়।
নির্যাতনের প্রত্যক্ষদর্শীর বিবরণ
বুধবার বাইদগাঁও এলাকায় গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
তারা স্কুল শিক্ষক চাঁন মিয়াকে পেটানোর বর্ণনা দেন।
বাইদগাঁও বাজারের দোকানী লুৎফর রহমান জানান, সকাল ৬টা সাড়ে ৬টার দিকে চাঁন মিয়া তার দোকান থেকে একটি রুটি খেয়ে পাশের দোকানে চা খেতে যান। এসময় এলাকার 'ভূমিদস্যু' হিসেবে পরিচিত 'একাধিক মামলার আসামি' হাফিজ উদ্দিন মুন্সি, তার ছেলে খসরু, খয়ের, ভাই মালেক, সহযোগী ইউসুফ, আসলাম, শাখাওয়াত ও বাদলসহ আরো কয়েকজন অতর্কিতে চাঁন মিয়াকে মারধর শুরু করে।
"এ সময় বাধা দিতে গেলে সাদা পোশাকে থাকা কবিরপুর ফাঁড়ির ইনর্চাজ সুবেদার আবুল কালাম আজাদসহ কয়েকজন পুলিশ আমাদের আটকে রাখে," বলেন তিনি।
তিনি আরো বলেন, পরে ওই পুলিশ সদস্যরা মাস্টারকে (চাঁন মিয়) ফাঁড়িতে নিয়ে আরেক দফা নির্যাতন চালায়।
চাঁন মিয়ার ছোট ছেলে শাফায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে পুলিশের উপস্থিতিতে একবার নির্যাতনের পর ফাঁড়িতে নিয়ে আরেক দফা নির্যাতন চালানো হয়। সেখানে ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ বুট দিয়ে বাবাকে বুকে লাথি মেরেছেন।
পুলিশের লাথির আঘাতেই তার বাবার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
বাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমার চোখের সামনে মাস্টার সাবকে (চাঁন মিয়া) পিটিয়েছে হাফিজ মুন্সি। তখন পুলিশ দাঁড়িয়ে পাহারা দিয়েছে যাতে কেউ বাধা দিতে না পারে।"
তিনি এই 'পৈশাচিক' ঘটনার বিচার দাবি করেন।
চাঁন মিয়ার বিরুদ্ধে 'সাজানো' ধর্ষণ মামলা
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিক নাসরিন আক্তার বাইদগাঁও বাজারে গেলে চাঁন মিয়া মাস্টার তার সহযোগী আব্দুস সালাম, জামাল, শামসুল ও এমদাদুল মিলে একটি মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ৩১ সেপ্টেম্বর ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা (নম্বর ৩৩৭) দায়ের করেন।
পরে আদালতের নির্দেশে রোববার রাতে আশুলিয়া থানায় মামলাটি (নম্বর ৩১) নথিভুক্ত করা হয়।
নিহতের ছেলে শাফায়েত হোসেন জানান, ধর্ষণ মামলায় যাদের আসামি করেছে তারা সবাই তাদের নিকটাত্মীয়। বাবা চাঁন মিয়া, চাচা আব্দুস সালাম, জামাল, শামসুল ও চাচাত ভাই এমদাদুল।
তিনি দাবি করেন, মামলার বাদীকে হাফিজ উদ্দিন মুন্সি এক সপ্তাহ আগে তার বাড়ি এনে রাখে। পরে তাকে দিয়ে এ সাজানো মামলা করিয়েছে।
তিনি আরো জানান, হাফিজ উদ্দিন মুন্সির সঙ্গে আগে তাদের কোনো শত্র"তা ছিল না। চাচা কুদ্দুস দেওয়ান টুটুলের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ ছিল। চাচার ১৭০ শতাংশ জমি জাল কাগজ বানিয়ে জবরদখল করে নেয় হাফিজ।
"আমার বাবা কাগজপত্র ভাল বুঝতেন বলে চাচার জমি উদ্ধারের জন্য চেষ্টা চালান। এরপর থেকে হাফিজ মুন্সির সঙ্গে বাবার বিরোধ সৃষ্টি হয়," বলেন শাফায়েত।
বিভিন্ন জনের কাছ থেকে জমি দখল করায় হাফিজ উদ্দিন মুন্সির বিরুদ্ধে থানা ও আদালতে ২৫ থেকে ৩০টি মামলা রয়েছে বলে তিনি জানান।
এলাকাবাসীর কথা
এলাকার সুরুজ মিয়া জানান, চাঁন মিয়া মাস্টার খুব ভাল মানুষ ছিলেন। তাকে পুলিশ, এলাকার ভূমিদস্যু হাফিজ উদ্দিন মুন্সি ও তার লোকজন পিটিয়ে হত্যা করেছে।
ভয়ে এলাকার কেউ হাফিজ মুন্সির বিরুদ্ধে কথা বলে না বলে জানান তিনি।
কবিরপুর ফাঁড়ির ইনচার্জ সুবেদার আবুল কালাম আজাদ সর্ম্পর্কে তিনি বলেন, তিনি এলাকাবাসীর নিরাপত্তা না দিয়ে উল্টো তাদের আতঙ্কের মধ্যে রাখেন। ভয়ভীতি দেখিয়ে তিনি এলাকার দোকান ও লোকজনের কাছ থেকে টাকা আদায় করতেন বলে তিনি অভিযোগ করেন।
স্কুল ছাত্র মো. রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমিও স্যারের একজন ছাত্র। তিনি খুব ভাল মানুষ ছিলেন। তাকে এভাবে নোংরা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যাকারীদের শাস্তি না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।"
পুলিশের বক্তব্য
তদন্ত কমিটির সদস্য সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
শিক্ষকের মৃত্যুর ঘটনায় এখনো তার স্বজনরা অভিযোগ দেয়নি। অভিযোগ দিলেই মামলা নেওয়া হবে বলে তিনি জানান।
চাঁন মিয়ার বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার মামলার বাদী নাজমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডাক্তারী পরীক্ষা শেষে ফরিদপুর সদর উপজেলার সাদিপুরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাফিজ উদ্দিন মুন্সির বিরুদ্ধে আশুলিয়া থানায় কয়টি মামলা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, "এখনো মামলার নথি দেখা হয়নি। দেখে জানাতে পারবো।"
চাঁন মিয়ার মৃত্যুর ঘটনায় কবিরপুর পুলিশ ফাঁড়ির ১৯ জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
এদিকে বুধবার দুপুরে উপ-পরিদর্শক (এসআই) নুরুদ্দিনের নেতৃত্বে ১৬ সদস্যদের নতুন একটি দল পুলিশ লাইন থেকে কবিরপুর ফাঁড়িতে যোগদান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24