২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকার'সাংবাদিকতায় আঞ্চলিক বিভক্তি দূর করতে হবে'

প্রকাশনার ৫২ বছরে পা রাখা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক মনে করেন, সাংবাদিকতাকে 'আঞ্চলিক ও জাতীয়'- এই দুই শিবিরে বিভক্ত করায় দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকতাকে 'আঞ্চলিক ও জাতীয়'- এই দুই শিরোনামে বিভক্ত করার সরকারি নীতির কারণে জাতীয় উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, যার নেতৃত্বে ৫২ বছরে পা রেখেছে পত্রিকাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মালেক বলেন, আঞ্চলিক উন্নয়ন বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আঞ্চলিক পত্রিকাকে বিকাশের সুযোগ করে না দিলে দেশের সার্বিক উন্নয়নও ক্ষতিগ্রস্ত হবে। বুধবার বিকেলে ঢাকায় আজাদীর ব্যুরো অফিসে বসে এই দৈনিকের অর্ধ শতকের পথচলা এবং নিজের সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন তিনি। মালেক জানান, ভাষা আন্দোলনের পর বাঙালির স্বাধিকারের দাবি যখন একটি স্পষ্ট রূপ নিতে শুরু করেছে- সেই সময়ে ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে দৈনিক আজাদী। "জাতীয় দুর্দিনের সেই সময়ে রাষ্ট্রীয় ক্ষেত্রে চট্টগ্রামের স্বার্থে বলিষ্ঠভাবে কথা বলার মতো কাউকে যখন পাওয়া যাচ্ছিল না, আইয়ুব খানের শাসনের যাঁতাকলে পিষ্ট জাতি কোনো দিক-নির্দেশনা পাচ্ছিল না, তখনই ইঞ্জিনিয়ার আবদুল খালেক প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে 'দৈনিক আজাদী' প্রকাশের কাজ শুরু করেন।" আবদুল খালেকের পর পত্রিকাটির দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ খালেদ। ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে সম্পাদনার দায়িত্ব নেন ইঞ্জিনিয়ার আবদুল খালেকের ছেলে এম এ মালেক। অবশ্য শুরু থেকেই পত্রিকাটির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে তার নেতৃত্বে প্রায় ২০০ কর্মী কাজ করছে দৈনিক আজাদীতে। আজাদী সম্পাদক বলেন, ব্রিটিশ ভারতে এ ভূখণ্ড থেকে বের হওয়া প্রথম তিনটি পত্রিকারই প্রকাশস্থান চট্টগ্রাম। তবে কালপরিক্রমায় সবকিছু এখন হয়ে গেছে ঢাকাকেন্দ্রিক। "এটা হওয়া উচিৎ নয়। আমরা বিশ্বাস করি, ভাগাভাগি নয়, স্বাতন্ত্রবোধ ও স্বকীয়তা দিয়েই এক একটি পত্রিকা নিজের স্থান তৈরি করে নেবে।" চট্টগ্রামবাসীর আগ্রহের দিকে লক্ষ্য রেখে স্থানীয় খবরকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ শুরু করে প্রতিষ্ঠার পরপরই জনপ্রিয় হয়ে ওঠে আজাদী। পাকিস্তানি শাসক আইয়ুব খানের আমলে প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের কারণে ঝুঁকি ও চাপের মধ্যেও সংবাদ প্রকাশ করে সুনাম কুড়ান আজাদীর কর্মীরা। প্রকাশকালের বিচারে আজাদী চট্টগ্রামে দশম এবং সারা দেশের ২০তম দৈনিক। অথচ বর্তমানে কথিত 'জাতীয়' দৈনিকগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে অর্ধ শতক পেরুনো এই পত্রিকাটিকে। এম এ মালেক বলেন, "বিশ্বের আর কোথাও আঞ্চলিকতার ভিত্তিতে পত্রিকা বা সাংবাদিকতায় এ ধরনের বিভক্তির কথা আমার জানা নেই। বরং বিশ্বের অনেক নামি পত্রিকা একটি শহর থেকে বেরিয়ে পুরো দেশে স্থান করে নিয়েছে। কেবল স্থানীয়ভাবে নয়, জাতীয়ভাবেও সেগুলো শক্তিশালী। "কিন্তু বাংলাদেশে দেখতে পাই- পত্রিকা জগতে ভাগাভাগি। সরকারই আমাদেরকে 'আঞ্চলিক' ও 'জাতীয়' পত্রিকা নামে বিভক্ত করে রেখেছে। এমন বিভেদ থাকা ঠিক নয়।" রাজধানী থেকে মাত্র দুইশ' কপি পত্রিকা বের করলেও সেটি 'জাতীয়' দৈনিক; আর কোনো বিভাগীয় শহর থেকে ৫০ হাজার কপি ছাপা হলেও সেটিকে 'আঞ্চলিক' পত্রিকার 'তকমা' নিয়ে থাকতে হবে- এই ব্যবস্থার ঘোর বিরোধী এম এ মালেক। তিনি বলেন, "চট্টগ্রামে এখন অনেক ভালো পত্রিকা রয়েছে, ভালো সাংবাদিকের সংখ্যাও বেড়েছে। রাজধানীতে যারা এখন কাজ করছেন, তাদের অনেকেই এসেছেন চট্টগ্রামের পত্রিকা থেকে। আমি বলবো- এখন চট্টগ্রামের সাংবাদিকতার মান ঢাকার পত্রিকার মানের চেয়ে কোনো অংশে কম নয়।" দৈনিক আজাদীকে 'স্বাধীন বাংলাদেশের' প্রথম সংবাদপত্র হিসেবেও উল্লেখ করেন এর সম্পাদক। তিনি বলেন, "নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। ১৭ ডিসেম্বর সকালে আজাদী ছাড়া বাংলাদেশ থেকে আর কোনো পত্রিকা প্রকাশিত হয়নি।" সেদিন আজাদী ছাপা হয়েছিল লাল কালিতে। প্রধান শিরোনাম ছিল 'জয় বাংলা, বাংলার জয়'। মালেক বলেন, "কেবল মুক্তিযুদ্ধ নয়, ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তী সব গণআন্দোলনেও দৈনিক আজাদী প্রগতিশীল-গণতান্ত্রিক ভূমিকা রাখে। সবসময়ই আমরা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম।" অবশ্য পাঠকের অনুপ্রেরণাই আজাদীকে এই দীর্ঘ পথচলায় সাহস যুগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দৈনিক আজাদীর ৫২ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল সারিনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এতে উপস্থিত থাকবেন। বর্তমানে একটি সংবাদপত্রকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে সম্পাদক বলেন, "বাস্তবতা বিবেচনা করে সাংবাদিক, প্রতিনিধি এবং সংবাদ কর্মীদের সর্বোচ্চ সুবিধা আমরা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। তবে চট্টগ্রামে সরকারি বিজ্ঞাপনের মূল্য রাজধানীর তুলনায় কম। আরো অনেক ক্ষেত্রে আমরা সমান সুযোগ পাই না।" তিনি জানান, পাকিস্তান আমলে রাজধানীতে সরকারি বিজ্ঞাপনের মূল্য ছিল ১০ টাকা; আর মফস্বল থেকে প্রকাশিত 'আঞ্চলিক' পত্রিকার জন্য বিজ্ঞাপনের হার ছিল ১১টাকা। আঞ্চলিক পত্রিকার বিকাশের জন্যই সরকারিভাবে এই হার নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে মফস্বলে সরকারি বিজ্ঞাপনের হার রাজধানীর তুলনায় বেশ কম। তারপরও নিরলস পরিশ্রম এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পত্রিকাটি 'লাভের মুখ দেখছে' বলে উল্লেখ করেন এম এ মালেক। তিনি বলেন, "৩০ বছরেরও বেশি সময় লোকসানের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের। এরপরও সততাকে অবলম্বন করে এতোপথ পাড়ি দিয়েছি আমরা। বর্তমানে আমরা একটু স্বচ্ছল হয়েছি। চট্টলাবাসীকে সঙ্গে নিয়ে আরো এগিয়ে যেতে চাই।" আজাদী সম্পাদকের মতে, পুরো দেশকে বঞ্চিত করে রাজধানীর চাকচিক্যে সত্যিকারের উন্নয়ন হয় না। একটি রাষ্ট্রের উন্নতির জন্য সবার সমান উন্নয়ন প্রয়োজন। ফেলে আসা বছরগুলোর দিকে ফিরে তাকিয়ে এই সম্পাদকের মূল্যায়ন, "দৈনিক আজাদী গত ৫২ বছর ধরে তাই করে এসেছে- একটি ভালো ও স্বাধীন সংবাদপত্রের যা করা উচিৎ" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯৫১ ঘ.