২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেত্রাঘাতে ছাত্রী অজ্ঞান

সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষকের বেত্রাঘাতে বরিশালে এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে, ছয় ঘণ্টা পরে জ্ঞান ফেরে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষকের বেত্রাঘাতে বরিশালে এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে, ছয় ঘণ্টা পরে জ্ঞান ফেরে তার। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে। নবম শ্রেণীতে পড়–য়া ওই শিক্ষার্থীর বাড়ি আগরপুর ইউনিয়নে। তাকে গৌরনদী আশুকাঠি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. মুজাফফর হোসেন। ছাত্রীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যালয়ের গণিত শিক্ষক মনির হোসেন বেত দিয়ে তার মেয়েকে এলোপাতাড়ি পেটায়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। বিকাল ৫টায় ওই ছাত্রীর জ্ঞান ফেরে বলে তার মা জানায়। আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাফফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লাসে ওই ছাত্রী পাঠে মনোযোগ না দিয়ে কথা বলায় শিক্ষক মনির তাকে বেত্রাঘাত করে। "এই ঘটনায় মনির হোসেনকে তাৎক্ষণিকভাবে নোটিস দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে," বলেন তিনি। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধান শিক্ষক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৪ ঘ.