বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা এক রোগীর শরীরের ওপর খুলে পড়েছে বৈদ্যুতিক পাখা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলায় গাইনি বিভাগের ২৭ নম্বর শয্যায় এই ঘটনা ঘটে।
রোগীর নাম শাহিনা আক্তার (২৬)। গত শুক্রবার তার এ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়। শাহিনা বরগুনার বেতাগী উপজেলার আবুল কালামের স্ত্রী।
আবুল কালাম সাংবাদিকদের বলেন, শাহিনার শয্যার ওপর থাকা বৈদ্যুতিক পাখাটি চলছিলো। হঠাৎ তা খুলে গায়ের ওপর পড়ে। এরপর শাহিনা আরো অসুস্থ হয়ে পড়ে।
তবে হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগী সুস্থ আছে। ঘটনার পরপরই তাকে দেখতে গিয়েছি।"
এ ঘটনায় গণপূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে রশিদ বলেন, হাসপাতালের সব বৈদ্যুতিক পাখা তাদের পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪২ ঘ.
bdnews24