চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক টার্মিনাল বন্দরের ভেতরে স্থানান্তরের দাবিতে এবং শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।
সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির আহ্বানে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি শুরু হয়।
কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ জানান, তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তবে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।
তারা জানান, মঙ্গলবার বিকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি পণ্যবাহী ট্রাক বন্দর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কলাবাড়ি ট্রাক টার্মিনালে দাঁড়ায়। ওই ট্রাকটিতে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল উঠানোর সময় বন্দর শ্রমিকরা বাধা দেয়।
এসময় মাদক ব্যবসায়ীরা শ্রমিকদের মারধর করলে বন্দর শ্রমিক কামাল হোসেন (৩০), ফজর আলী (৪০), সোহবুল (২৮) ও শামিম মির্জা (৩০) আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত কামালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনার প্রতিবাদে ও ট্রাক টার্মিনাল বন্দরের ভেতরে স্থানান্তরের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বন্দর শ্রমিকরা পণ্য ওঠা-নামা বন্ধ করে দেয়। পরে পানামা পোর্ট লিংক লিমিটেডের অনুরোধে কাঁচা পণ্য ওঠা-নামা করে রাত ১২টা পর্যন্ত।
তবে শ্রমিক সমন্বয় কমিটি সকাল থেকে ১২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিলে বন্দর ইয়ার্ডে পণ্য ওঠা-নামা বন্ধ হয়ে যায়।
এদিকে পণ্য ওঠা-নামা বন্ধ থাকলেও ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্থল বন্দরে প্রবেশ করে ইয়ার্ডে অবস্থান করছে।
মঙ্গলবারের ওই ঘটনায় শ্রমিক সমন্বয় কমিটি রাতেই শিবগঞ্জ থানায় ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান ওসি আব্দুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫০৩ ঘ.
bdnews24