ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়ে চিঠি পাঠানোর এক সপ্তাহের মাথায় ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন দীপু মনি।
ওয়াশিংটন সময় বুধবার বেলা ৩টায় (বাংলাদেশ সময় রাত ২টা) এ বৈঠক হবে বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সৌজন্যে একটি নৈশভোজ দেন রাষ্ট্রদূত। তাতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকও যোগ দেন।
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় বসছেন।
এ বছররের শুরুতে নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরকার অব্যাহতি দিলে ওয়াশিংটন উষ্মা প্রকাশ করে। ওয়াশিংটনের অবস্থান ব্যাখ্যা করতে রবার্ট ব্লেক তখন ঢাকা সফর করেন। তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সরকার তার অবস্থানে অটল থাকে।
বুধবারের বৈঠকের নির্ধারিত কোনো আলোচ্যসূচি নেই বলে জানান রাষ্ট্রদূত কাদের। তবে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টি দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
বঙ্গবন্ধু হত্যার দায়ে দেশের আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত রাশেদকে ফেরত দিতে গত ৫ অক্টোবর ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছেন দীপু মনি।
ওই চিঠি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কাদের জানান।
তিনি বলেন, "আমরা এখনো জানি না, কোন প্রক্রিয়ায় রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তার ইমিগ্রেশন স্ট্যাটাস জানাতে ওয়াশিংটনকে অনুরোধ করেছি আমরা।"
খুনি রাশেদকে ফেরাতে কূটনৈতিক সব প্রক্রিয়া চলবে বলে রাষ্ট্রদূত জানান।
রাশেদের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত নূর চৌধুরীকে ফেরত চেয়েও কানাডার কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। নূর এখন যুক্তরাষ্ট্রের প্রতিবেশীও ওই দেশটিতে রয়েছেন।
বঙ্গবন্ধু হত্যার দায়ে দণ্ডিত পাঁচ জনের মৃত্যুদণ্ড ২০১০ সালে কার্যকর হয়। বিদেশে পালিয়ে আছেন ছয় জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/০৯৫০ ঘ.
bdnews24