২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনেও প্রশ্ন 'শামীম না আইভি'

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাকে সমর্থন দেবে- সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও আলোচনায় থাকছেন শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 07:20 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাকে সমর্থন দেবে- সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও আলোচনায় থাকছেন শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভি। এই দুই আওয়ামী লীগ নেতাকে নিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় বৈঠকের মধ্যে বলা হয়েছিল, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেই দলের সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে শামীম-আইভির মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করবেন। আর সমঝোতা না হলে তারা দুজনেই মেয়র পদে নির্বাচন করবেন। সেক্ষেত্রে মেয়র পদের আরেক প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের 'সম্ভাবনা' বাড়বে বলেই মনে করছে বিরোধী দলের কর্মী-সমর্থকরা। সাবেক সাংসদ শামীম ওসমান এবং বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভির মধ্যে কে শেষ পর্যন্ত দলের সমর্থন পাচ্ছেন- তা নিয়ে মঙ্গলবারও দিনভার জল্পনা কল্পনা চলে। সোমবার তারা প্রধানমন্ত্রীর 'দোয়া চাইতে' গণভবনে গেলে ফেরার পথে অভ্যর্থনা লবিতে দেখা হয় দুজনের। শামীম সে সময় আইভির মাথায় হাত রাখলে সাবেক পৌর মেয়র বলেন, "বড় ভাই আমার মাথায় হাত রাখছেন। আমি জিতবো।" দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে এই দুইজনের পৃথক বৈঠকের পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের দুইজন প্রার্থী থাকলে নির্বাচনে জয় পাওয়া কঠিন হবে। ভোট বিভক্ত হয়ে যাবে। এ জন্যে দুজনের একজনকে প্রার্থিতা প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়েছে।" অবশ্য হানিফ এও বলেন- "নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী কাউকে সমর্থন দিতে পারি না আমরা। দেখি, ১২ তারিখ (বুধবার) পর্যন্ত অপেক্ষা করেন।" বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ জিয়া হল মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলার পদের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান বলেন, "প্রার্থীরা নিজে কিংবা তাদের মনোনীত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে।" নবগঠিত নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আটজন এবং ২৭টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার ও সংরক্ষিত নারী আসনের ৩১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত কারা ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন তা জানা যাবে বুধবার, প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর। আগামী ৩০ অক্টোবর এ নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/০১১৭ ঘ.