২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিউ ইয়র্কের আকাশে ঝকঝকে রোদ'

নিউ ইয়র্কের অভিজ্ঞতা নিয়ে নতুন একটি বই লিখতে শুরু করেছেন হুমায়ূন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের অভিজ্ঞতা নিয়ে নতুন একটি বই লিখতে শুরু করেছেন হুমায়ূন আহমেদ। দুই দফায় কেমোথেরাপি শেষে বেশ ভালো বোধ করছেন তিনি। ইতিমধ্যে নতুন বইয়ের প্রায় ২৫ পৃষ্ঠা লেখাও হয়ে গেছে তার। নিউ ইয়র্কে হুমায়ুনের সঙ্গে থাকা প্রকাশক মাজহারুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "এটা ঠিক গল্প বা উপন্যাস নয়। অনেকটা জৈবনিক লেখা বলা যায়।" 'নিউ ইয়র্কের আকাশে ঝকঝকে রোদ' নামের বইটিতে একই শিরোনামে একটি অধ্যায়ও থাকবে। মাজহারুল বলেন, "অন্য নামে অন্যান্য চ্যাপটারও থাকবে।" বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন। মাজহারুল তার সঙ্গেই সেখানে যান। তিন রুমের অ্যাপার্টমেন্টে হুমায়ূন পরিবারের সঙ্গেই থাকছেন তিনি। নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন হুমায়ূন। বইয়ের বিষয় হিসেবে কী থাকছে সে বিষয়ে মাজহারুল বলেন, "ওনার কেমোথেরাপি নেওয়া থেকে শুরু করে নতুন করে সংসার পাতা, এই সব। তবে অনেক মজা করে লেখা আর কি, উনি যেমন লেখেন।" তবে বইটি আগামী ফেব্রুয়ারির একুশে বইমেলায় প্রকাশ হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে এর বিভিন্ন অধ্যায় লেখা হয়ে গেলে সেগুলো নানা দৈনিকে ছাপা হবে। বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিসা নিতে নিউ ইয়র্কে থাকা হুমায়ূন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের জয়ে তিনি খুব খুশি বলে জানান মাজহারুল। তিনি বলেন, "অনেক মজা করে খেলা দেখলাম আমরা। প্রথমে জানা গেল ইএসপিএন ওই খেলা দেখাবে না। পরে একজনকে ফোন করে জানতে পারলাম যে ক্রিকইনফো ওয়েবসাইটটায় খেলা দেখা যাবে। তাই দেখলাম। "হুমায়ূনের জন্যে টাইগারদের খেলা দেখার ওপর আর কিছু নেই। সব কাজ বন্ধ করে দেন। নাটকের শুটিং থাকলে বন্ধ করে দেন।" হুমাযূনের খেলাপ্রীতি প্রসঙ্গে মাজহারুল বলেন, "একবার সুইটজারল্যান্ডে নাটকের শুটিং বন্ধ করে অনেক খুঁজে এক আইরিশ পাবের খোঁজ মিললো। সেখানে গিয়ে খেলা দেখলেন। "হুমায়ূনের কাছে খেলার চেয়ে দল বড়," মন্তব্য করে তিনি বলেন, "বিশ্বকাপ ফাইনাল নিয়েও উনি বোধহয় তেমন মাথা ঘামাবেন না যদি বাংলাদেশ না থাকে।" হুমায়ূনের তৃতীয় দফা কেমোথেরাপি শুরু হওয়ার কথা ২১ অক্টোবর। তার জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের রসায়ন বিভাগের এ অধ্যাপক উপন্যাস দিয়ে লেখালেখি শুরু করেন। পরে তিনি তার প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন নাটক, ছোট গল্প ও চলচ্চিত্রেও। হুমায়ূন আহমেদের অসুস্থতার খবরে তার ওপর অনেকটাই নির্ভরশীল দেশের প্রকাশনা জগতে উদ্বেগের ছায়া নেমে আসে। উদ্বেগ প্রকাশ করেছেন পাঠক-ভক্তরাও। সবারই আশা, সুস্থ হয়ে আবারও লেখায় ফিরবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/পিডি/২২২০ ঘ.