ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের অধিকারের বিষয় অন্তর্ভুক্তিসহ বেশকিছু পরিবর্তন এনে চলতি বছরই শ্রম আইন সংশোধন হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) নেতাদের সঙ্গে বৈঠকে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।
মোশাররফ বলেন, ২০০৬ সালের শ্রম আইনটি গত আড়াই বছর ধরে সংশোধনের কাজ চলছে। এরই মধ্যে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের প্রস্তাবগুলো সংযোজন করা হয়েছে। আইনের খসড়া চূড়ান্ত হলে এ নিয়ে আবারো আলোচনা হবে।
প্রস্তাবিত সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন, "আগের আইনে অনেক বিষয় থাকলেও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের (আউট সোর্সিং) অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না। নতুন আইনে এ বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।"
বৈঠকে স্কপ নেতারা আইনটি দ্রুত সংশোধনের পাশাপাশি শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান।
অন্যদের মধ্যে শ্রম সচিব শফিক আলম মেহেদী এবং স্কপ নেতা আব্দুল মতিন মাস্টার, ওয়াজেদুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, রায় রমেশ চন্দ্র ও আমিরুল হক আমিনসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৮ ঘ.
bdnews24