২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঝুট ব্যবসায়ীকে ৩ বছর সাজা

বেআইনিভাবে নগরীতে ঝুট কাপড়ের গুদাম করায় এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেআইনিভাবে নগরীতে ঝুট কাপড়ের গুদাম করায় এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের দায়িত্বে থাকা বিচারক মাহাবুবুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মোবারক হোসেন। তিনি কুমিল্লার মুরাদনগর থানার শামসু মিয়ার ছেলে। আদালত একই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দিয়েছে। ২০০৭ সালের ৬ মার্চ নগরীর বাকলিয়া থানাধীন বৌবাজার এলাকার একটি ঝুট কাপড়ের গুদাম থেকে আগুন লেগে ২১ জন মারা যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের অনুসন্ধানে দেখা গেছে, মোবারক হোসেনের মালিকানাধীন ঝুট কাপড়ের গুদামটির কোন ফায়ার লাইসেন্স নেই এবং তারা বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গুদামের পেছনে ওই প্রতিষ্ঠানের কর্মীদের থাকার জায়গা ছিলো। বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা ২০০৩ সালের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনের ১৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া বাদী হয়ে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে ২০০৭ সালের ১৫ এপ্রিল মোবারক হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ফায়ার সার্ভিসের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী প্রদীপ কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক ছয়জন সাক্ষীর জবানবন্দি শেষে মঙ্গলবার এ রায় দেন। ২০০৮ সালের ৯ এপ্রিল এ মামলার অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৪১ ঘ.