চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের এক নাগরিককে হত্যার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
জিবরান তায়েবী নামে এক ভারতীয়কে হত্যার মামলায় কারাগারে যাওয়া আসামি ইয়াছিন রহমান টিটু চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতির ছেলে। সভাপতি খলিলুর রহমান চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ কেডিএস'র চেয়ারম্যান।
চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান টিটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কামাল উদ্দিন বলেন, সম্প্রতি টিটু উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সোমবার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমপর্ণ করে তিনি।"
১৯৯৯ সালে নগরীর দেওয়ানহাট এলাকায় একটি চাইনিজ রেষ্টুরেন্টের সামনে খুন হন বেসরকারি শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা জিবরান। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক ঊর্ধ্বতন এক কর্মকর্তার ছেলে ছিলেন। তখন তায়েবীর স্ত্রী তিতলী নন্দিনী হত্যা মামলা করেন।
চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ কেডিএস'র চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে টিটুকে ওই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় উচ্চ আদালত। এতোদিন পলাতক ছিলেন তিনি।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ২০০২ সালে জিবরান তায়েবি হত্যা মামলার আট আসামির পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। টিটুসহ তিনজনকে খালাস দেওয়া।
কিন্তু রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে ২০০৭ সালের ২৮ মার্চ আদালত এ মামলায় টিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তখন থেকে টিটু পলাতক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/০১১৮ ঘ.
bdnews24