সিলেট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বে চার দলের রোড মার্চ সিলেটে পৌঁছেছে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টা ২০ মিনিটে রোডমার্চ সিলেটে প্রবেশ করে।
এ সময় রোড মার্চ সমন্বয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেন এবং সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানান।
মারুফ কামাল খান জানান, বিরোধী দলীয় নেতা রাতে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। মঙ্গলবার তিনি হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন এবং বিকেলে চার দলের জনসভায় বক্তৃতা করবেন।
সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই রোড মার্চ কর্মসূচি শুরু হয়। একটি সাদা রংয়ের জিপে করে খালেদা জিয়া এর নেতৃত্ব দেন।
এই কর্মসূচি উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ করে বিএনপির নেতা-কর্মীরা। সড়কের পাশে বসানো হয় জিয়াউর রহমান, জিয়া খালেদা এবং তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি। বিভিন্ন স্থানে ব্যান্ড বাজিয়ে দেশাত্মকবোধন গান গেয়ে রোর্ড মার্চকে উৎসাহিত করা হয়।
নরসিংদীর বিভিন্ন স্থানে সড়কের পাশে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের ছড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কৃষক দলের কর্মীদের। নেতা-কর্মী-সমর্থকরা ছাড়াও বিভিন্ন স্থানে সাধারণ জনতা রাস্তার দুই ধারে জড়ো হয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। তিনিও হাত নেড়ে জবাব দেন।
ঢাকা ছাড়ার পর নারায়ণগঞ্জের তারাব, নরসিংদীর ইটাখোলা মাঠ, ব্রাহ্মণবাড়ীয়ার কোট্টপাড়া এবং কিশোরগঞ্জের ভৈরবে পথসভা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খালেদা জিয়া। সন্ধ্যা ৬টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর হবিগঞ্জে পৌঁছায়। মাধবপুরের হাইওয়ে ইন রেস্ট হাউজে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করেন বিরোধী দলীয় নেতা।
এরপর রাত সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ মোড় এবং মৌলভীবাজারের শেরপুরে পথসভা করেন খালেদা জিয়ার।
চারদলীয় জোটের এ রোডমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি অংশ নেয়। খালেদার গাড়িতে ছিলেন তার ছোটভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
তবে বিপুল সংখ্যক গাড়ি আর অব্যবস্থাপনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ জটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোড মার্চ সমন্বয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি দুর্ঘটনায় পড়লে তিনি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার গাড়িতে করে রোড মার্চে অংশ নেন।
মঙ্গলবার বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হবে এ রোড মার্চ। গত ২৭ সেপ্টেম্বর এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জেকে/২৩৪৭ ঘ.
bdnews24