২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে চড়ারহাট বধ্যভূমিতে স্মৃতির মিনার

মুক্তিযুদ্ধের সময় নিহতদের স্মরণে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বধ্যভূমিতে স্মৃতির মিনার নির্মিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

দিনাজপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় নিহতদের স্মরণে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বধ্যভূমিতে স্মৃতির মিনার নির্মিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এ মিনার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ১৯৭১ সালে ১০ অক্টোবর ভোরে চড়ারহাট গ্রামে রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনী হত্যাযজ্ঞ চালায়। ওই সময় নিহতদের মধ্যে এ পর্যন্ত ৯৮ জনের নাম জানা গেছে। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর রাজাকারদের নারকীয় হত্যাযজ্ঞের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে গণহত্যার বধ্যভূমি সংরক্ষণ এবং স্মৃতিসৌধ নির্মাণ প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আফজাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা অজিত কুমার রায় প্রমুখ। দিনাজপুরের সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে এই স্মৃতির মিনার নির্মাণে অর্থায়ন করেছেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/২১৪২ ঘ.