২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ধর্মঘটে দুর্ভোগ বন্দর নগরীতে

মালিকদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রামে বাস চলাচল প্রায় বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রামে বাস চলাচল প্রায় বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ৪৮ ঘণ্টার এ ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল থেকে শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় ডাকা এ ধর্মঘটের কথা আগে জানতেন না বলে অধিকাংশ বাসযাত্রী জানিয়েছেন। ফলে সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমে গণপরিবহণের দেখা না পেয়ে যাত্রীদের অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান। পাশাপাশি সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্কুলগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফেকেট (এসএসসি) নির্বাচনী পরীক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। গণপরিবহনের স্বল্পতার কারণে রিকশা ও ভ্যানগাড়িতে চড়ে পরীক্ষা কেন্দ্রে গেছে শিক্ষার্থীরা। এ সুযোগে রিকশা চালকরাও দাবি করছেন বাড়তি ভাড়া। বহদ্দারহাটে রোববার সকালে বাস ভাংচুরের প্রতিবাদ এবং সরকার নির্ধারিত ভাড়া কার্যকরের দাবিতে এ ধর্মঘট ডেকেছে মালিকরা। চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বিভিন্ন রুটের বাস মালিক সমিতির সমন্বিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ধর্মঘটের বাইরে আছে মেট্রো স্পেশাল সার্ভিস ও যাত্রী সেবা মলিক সমিতি (নিপু গ্র"প) নামের দুটি বাস মালিক সমিতি। এর ফলে এ ধর্মঘটের মধ্যেও চলছে এ দুটি বাস সার্ভিস। ধর্মঘট পালন করছে চট্টগ্রাম সিটি বাস-মিনিবাস-হিউম্যান হল্যার্স ওনার্স অ্যাসোসিয়েশন, মহানগর বাস মালিক সমিতি, চট্টলা পরিবহন মালিক সমিতি, যাত্রীসেবা মালিক সমিতি (মোশাররফ) ও কালুরঘাট মালিক সমিতি। ধর্মঘটে বিভিন্ন শ্রমিক সংগঠনেরও সমর্থন রয়েছে বলে চট্টগ্রাম সিটি বাস-মিনিবাস-হিউম্যান হল্যার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, গাড়ির নিরাপত্তা বিধান করা না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গাড়ি ভাংচুর বন্ধ ও চালক- শ্রমিকের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি, উত্তর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" "গতকালের সামান্য ঘটনার পর ধর্মঘট ডাকায় মনে হচ্ছে বাস মালিকরাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও প্রায় দেড় মাস কাউন্টার সার্ভিস চালুর জন্য গণপরিবহনের নিরাপত্তা দেওয়া হয়েছিলো। কিন্তু তারা কাউন্টার সার্ভিস চালুতে ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তাদের মধ্যেই কোন্দল আছে," বলেন তিনি। এদিকে ধর্মঘটের বাইরে থাকা যাত্রী সেবা মালিক সমিতির নেতা মনসুর করিম নিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকটি রুটে তাদের বাস-মিনিবাস চললেও ধর্মঘট আহ্বানকারীরা বাধা দিচ্ছে। রোববার সকালে নগরীর বহদ্দারহাটে সরকার নির্ধারিত হারের বাড়তি ভাড়া আদায় করায় বিক্ষুব্ধ যাত্রীরা বাস কর্মচারীদের মারধর এবং দুটি গাড়ি ভাংচুর করে। এর প্রতিবাদে নগরীর কয়েকটি রুটে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক ও শ্রমিকরা। দুর্ভোগের চিত্র সকাল ৮টায় নগরীর বহদ্দারহাট মোড়ে দাঁড়িয়ে থাকা পোশাক শিল্প কারখানার কর্মচারী মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালুরঘাট শিল্প এলাকায় যাবো, কিন্তু রাস্তায় কোনো বাস নেই। ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে আছি।" এসময় বহদ্দারহাট মোড়ের চারপাশে প্রায় ৫০০ শতাধিক যাত্রীকে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সোয়া ৮টার দিকে নগরীর দেওয়ানহাট মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তা ফরিদুল আলম বলেন, "বহদ্দারহাট মোড়ে বেশি বাড়া আদায় নিয়ে মারামারির ঘটনা শুনেছি। কিন্তু ধর্মঘট ডাকা হয়েছে তা জানতাম না। সকালে রাস্তায় নেমে দেখি বাস নেই।" এখানেও দাঁড়িয়ে ছিলেন তিন শতাধিক যাত্রী। সকাল ৯টায় নগরীর বিভিন্ন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান (১ম বর্ষের) পরীক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টায় মুরাদপুর মোড়ে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস কেন চলছে না, জানি না। সকাল ৯টা থেকে নাসিরাবাদ মহিলা কলেজে পরীক্ষা শুরু হবে।" এরপর তিনি একটি রিকশাযোগে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হন। এসময় আরো কয়েকজন পরীক্ষার্থীকে রিকশা ও ভ্যান গাড়িতে চড়ে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখর দস্তিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরও কেউ এলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে। এরপর কেউ এলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুলগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফেকেট (এসএসসি) নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেউ যদি পরিবহন সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারে সে বিষয়ে পরে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। "তবে অন্য যানবাহন চলছে। আশা করি, সবাই নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারবে," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/কিউএইচ/১১৫৫ ঘ.