লালমনিরহাট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি চিতাবাঘকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।
এর আগে বাঘটির আক্রমণে অন্তত ২০জন আহত হয়েছে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি জগতবেড় ইউনিয়নে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের ইউসুফ আলী সকালে নদীতে মাছ ধরতে গেলে বাঘটি তাকে আক্রমণ করে। তার চিৎকারে লোকজন এসে ধাওয়া করলে বাঘটি ধান ক্ষেতে ঢুকে যায়। সেখান থেকে মাঝে মাঝে এলাকাবাসীর ওপর হামলা চালাতে থাকে।
এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, নিরাপদ দূরত্বে থাকতে এবং বাঘটিকে হত্যা না করতে মাইকিং করা হয়েছিল। কিন্তু কয়েকজনকে আহত করায় উত্তেজিত জনতা চিতাবাঘটি পিটিয়ে হত্যা করে।
পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
ভারতের বন থেকে রোববার বাঘটি জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঢোকে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/২৩০০ ঘ.
bdnews24