২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি নির্বাচন: প্রচারণা শুরু

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। রোববার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। আগামী ৩০ অক্টোবর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার দিনভর গণসংযোগ করেছেন। আর বিকাল থেকে গণসংযোগ করেন আওয়ামী লীগের দুই প্রার্থী শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভী। সকালে মাসদাইর কবরস্থানে বাবা-মা'র কবর জিয়ারতের পর তৈমুর ১২ নম্বর ওয়ার্ডের ইসদাইর, চাঁনমারী, চাষাড়া, ব্যাংক কলোনি, ডন চেম্বার, মিশনপাড়া, কুমুদিনী বাগান, আমলাপাড়া স্বর্ণপট্টি এলাকায় গণসংযোগ করেন। এছাড়া তিনি চাঁনমারী ও ব্যাংক কলোনিতে দু'টি উঠান বৈঠকও করেন। তৈমুরের পক্ষে তার স্ত্রী হালিমা ফারজানা ১৫ নম্বর ওয়ার্ডের দেওভোগ ভুঁইয়ারবাগ এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে সাবেক সাংসদ শামীম ওসমানের পক্ষে তার স্ত্রী সালমা ওসমান লিপি সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দর উপজেলার নবীগঞ্জ ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন। সাবেক পৌর মেয়র ডা. আইভীর পক্ষে শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন দেওভোগ এলাকায় গণসংযোগ করেছেন। আওয়ামী লীগের সমর্থন আাদয়ে ঢাকায় বৈঠক থাকায় সকালে শামীম ওসমান ও আইভী গণসংযোগ করতে পারেননি। বিকালে শামীম ওসমান সিদ্ধিরগঞ্জে ৭ নম্বর ওয়ার্ডে এবং আইভী বন্দরে ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এদিকে মেয়র পদপ্রার্থী জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, প্রার্থী সমর্থন নিয়ে দফায় দফায় আলোচনা ও বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.