২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্মঘট ডেকেছে বাস মালিকরা

বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে যাত্রীদের বাস-ভাংচুরের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীতে সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে সিটি বাস মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে যাত্রীদের বাস-ভাংচুরের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীতে সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে সিটি বাস মালিকরা। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বিভিন্ন রুটের বাস মালিক সমিতির সমন্বিত বৈঠকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। চট্টগ্রাম সিটি বাস-মিনিবাস-হিউম্যান হলার্স ঔনার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহদ্দারহাটে রোববার সকালে বাস ভাংচুরের প্রতিবাদ এবং সরকার নির্ধারিত ভাড়া কার্যকরের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।" চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস মালিকদের সব সংগঠন এ ধর্মঘটে সমর্থন দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। "বিভিন্ন শ্রমিক সংগঠনেরও এতে সম্মতি রয়েছে।" তিনি জানান, ধর্মঘটে ওই সংগঠন ছাড়াও মহানগর বাস মালিক সমিতি, চট্টলা পরিবহন মালিক সমিতি, যাত্রীসেবা মালিক সমিতি, কালুরঘাট মালিক সমিতি, মেট্রোলিংক সার্ভিস মালিক সমিতির সমর্থন রয়েছে। রোববার সন্ধ্যার বৈঠকে এ সব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বলে আবুল কালাম আজাদ জানান। রোববার সকালে নগরীর বহদ্দারহাটে সরকার নির্ধারিত হারে বাড়তি ভাড়া আদায় করায় বিক্ষুব্ধ যাত্রীরা বাস কর্মচারীদের মারধর এবং দুটি গাড়ি ভাংচুর করে। এর প্রতিবাদে নগরীর কয়েকটি রুটে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক ও শ্রমিকরা। গত ১৮ সেপ্টেম্বর সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। পরদিন গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজির দাম ২০ শতাংশ বাড়ানোর আদেশ জারি করে বিইআরসি। এরপর সরকার মালিকদের সঙ্গে আলোচনা করে বাস ভাড়া বাড়ায়। কিন্তু বাস মালিকরা সরকার নির্ধারিত বাস ভাড়া প্রত্যাখান করে। গত ২৮ সেপ্টেম্বর 'চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প' সংবাদ সম্মেলনে বর্ধিত হারে বাস ভাড়া আদায়ের ঘোষণা দেয়। শুক্রবার থেকে তাদের ঘোষিত নতুন বাস ভাড়া কার্যকর হয়। ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম নগরীতে প্রথম তিন কিলোমিটার পাঁচ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার এক টাকা ৬০ পয়সা হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। ভাড়া বাড়ানোর আগে নগরীতে প্রথম তিন কিলোমিটার পাঁচ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার এক টাকা ৫৫ পয়সা হারে ভাড়া আদায় করা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১৮ ঘ.