ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগের প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক এসএম আশরাফুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শেষ পর্যায়ে পৌঁছেছেন।
নির্ধারিত সময় দুমাস শেষে তদন্তের সময় বাড়ানোর কারণ সম্পর্কে তিনি বলেন, "তদন্তের স্বার্থে সময় বাড়াতে হয়েছিলো।"
"এ তদন্ত ছিলো তথ্য ভিত্তিক। আমাদের অনেক তথ্য খতিয়ে দেখতে হয়েছিলো। তবে আমরা প্রস্তুত। আমরা শিগগিরই এটা জমা দেবো।"
রাজধানীর মহাখালীত আইসিডিডিআর,বির তিনতলা ভবন ২০০৯ সাল নাগাদ আটতলায় উন্নীত করতে তিন কিস্তিতে মোট ১০০ কোটি টাকা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওই অর্থ কীভাবে ব্যয় হয়েছে তা খতিয়ে দেখতে গত ৩ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) এস এম আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রণালয়। তদন্ত কমিটির অন্য তিন সদস্য হলেন, পরিবার কল্যাণ বিভাগের উপ-প্রধান মো. হেলাল উদ্দীন, উপ-সচিব (প্রশাসন-৩) মো. আলফাজ হোসেন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. গোলাম হায়দার।
২০০৬ সালের মার্চে ওই প্রকল্পের কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি এবং এক পর্যায়ে সম্প্রসারণ কাজ বন্ধ হয়ে যায়।
সুনির্দিষ্ট কতগুলো অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রঞ্জাপনে বলা হয়, 'স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে' এ ঘটনা খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ বলে মনে করছে মন্ত্রণালয়।
এছাড়া আইসিডিডিআর,বি ওই প্রকল্পের কাজ শেষ করতে না পারলেও তাদের প্রস্তাবিত আরো নতুন কয়েকটি প্রকল্প অনুমোদন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিযোগ রয়েছে, নির্মাণ কাজের 'ধারাবাহিকতা' অনুসরণ না করে বরাদ্দের বড় অংশ অপচয় করেছে আইসিডিডিআর,বি। তারা বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী কিনেছে যেগুলো নির্মাণ কাজের শেষ পর্যায়ে কিনতে হয়। ওই সামগ্রীর 'গ্যারান্টি পিরিয়ড' শেষ হয়েছে।
আরো অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ কেনার জন্য ঠিকাদার নিয়োগের আগেই প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ঠিকাদারদের টাকায় জাপান, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
ওই কমিটিকে এসব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, "এ প্রকল্প বা কার্যক্রম বাস্তবায়নে ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে কি না। যেমন, যেসব সামগ্রী যথার্থ ভৌত অবকাঠামো নির্মাণের আগে ব্যবহার করা যায় না সেগুলো কেনা হয়েছিলো কি না এবং তা হলে কিসের ভিত্তিতে তা করা হয়েছিলো?
"অর্থ ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা ঠিকাদারদের অর্থায়নে বিদেশ ভ্রমণ করেছেন কি না- এমনকি তা ঠিকাদার নিয়োগের আগেই হয়েছিলো কি না এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার ওপর এর কোনো প্রভাব পড়েছিলো কি না?"
কমিটিকে এ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত আরো কতগুলো বিষয় খতিয়ে দেখতে বলা হয়।
এর আগে আইসিডিডিআর,বির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গবেষণা কেন্দ্রটি এক সময় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করলেও গত অন্তত পাঁচ বছর এর 'সুষ্ঠু ব্যবস্থাপনা' না থাকায় সেই খ্যাতি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।"
সংস্থাটিতে বিদেশি কর্মকর্তাদের 'অতিরিক্ত' বেতন ও দুর্নীতির অভিযোগের মধ্যে সম্প্রতি আইসিডিডিআর,বি ব্যয় কমানোর লক্ষ্যে রোগীর খাদ্য তালিকা থেকে মাছ, মাংস ও ডিম বাদ দিয়েছে।
১৯৭৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে আইসিডিডিআর,বি প্রতিষ্ঠা করা হয়। বিশ্বে উন্নয়ন দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেই এ ধরনের প্রতিষ্ঠান আছে।
আরসিডিডিআর,বিকে সবচেয়ে বেশি অনুদান দেয় বাংলাদেশ সরকার। সরকারের কাছ থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা অনুদান পায় প্রতিষ্ঠানটি। কার্যক্রম চালাতে প্রতিষ্ঠানটিকে কোনো ধরনের স্থানীয় কর ও শুল্ক পরিশোধ করতে হয় না।
দেশ ও দেশের বাইরে প্রাণ রাসায়নিক উপাদান (নমুনা) স্থানান্তরের আইনি বৈধতা আছে এ প্রতিষ্ঠানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/১৯৫৪ ঘ.
bdnews24