২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে ১১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর শ্যামপুরের জুরাইনে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরের জুরাইনে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। রোববার বিকাল ৩টার দিকে জুরাইন কমিশনার রোডে এ ঘটনা ঘটে। ওয়ারি অঞ্চলের পুলিশের উপ-কমিশনার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় ব্যাংক এশিয়া থেকে ওই ব্যাংকের লোকজন টিটি করা জন্য কৃষি ব্যাংকে যাচ্ছিলো। জুরাইন কমিশনার রোডে যাওয়া মাত্র একটি মোটর সাইকেলে করে দুইজন সন্ত্রাসী এসে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে ১১ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় এক রাউন্ড ফাঁকা গুলি করলেও কেউ আহত হয়নি বলে জানান তিনি। উপ-কমিশনার বলেন, "ওই গাড়িতে ব্যাংকের নিরাপত্তা কর্মকর্তাসহ পাঁচজন ছিলেন এবং তাদের কাছে অস্ত্রও ছিলো। গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেলো অথচ ব্যাংকের নিরাপত্তাকর্মীরা কেউ একটি গুলিও করলো- বিষয়টি রহস্যজনক।" এদিকে, রোববার দুপুর ১২ টার দিকে মহাখালীতে ন্যাশনাল ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে প্যারাগন কোম্পানি নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংকের কাছাকাছি পৌঁছালে দুটি মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা এসে তার টাকার ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তারা চলে যায় বলে জানান গুলশান থানার ওসি শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০০০ ঘ.