২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ প্রস্তাবে সরকারি ক্রয় কমিটির সায়

রেল লাইনসহ দ্বিতীয় ভৈরব সেতু ও দ্বিতীয় তিতাস সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগের দর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল লাইনসহ দ্বিতীয় ভৈরব সেতু ও দ্বিতীয় তিতাস সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগের দর প্রস্তাব অনুমোদন পেয়েছে। এ ছাড়া প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ের ১২টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। রোববার সচিবালয়ে কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। দুটি সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রণয়নে পরামর্শক হিসেবে নির্বাচিত করা হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান 'স্টুপ কনসালটেন্টকে'। এ জন্য সরকারের ব্যয় হবে ৪৫ কোটি ছয় লাখ টাকা। একশ' কোটি ডলার ভারতীয় ঋণের অর্থ থেকে এই ব্যয় হবে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নূরুল করিম বলেন, "বাণিজ্যমন্ত্রী উপস্থিত না থাকায় আলোচ্য সূচিতে থাকার পরও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়নি। প্রস্তাবটি পরবর্তীতে আবারো উপস্থাপন করা হবে।" এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী খননের জন্য খনন যন্ত্র (ড্রেজার) ও দুই সেট যন্ত্রপাতি আমদানির একটি প্রস্তাব ফেরৎ পাঠানো হয়েছে। এ প্রস্তাবের ব্যাপারে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অনুমোদিত প্রস্তাবের মধ্যে মরক্কোর 'ম্যারোক ফসফোর' কোম্পানি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দুই লাখ ২৫ হাজার মেট্রিক টন টিএসপি এবং ডিএপি সার আমদানিতে সরকারের মোট ব্যয় হবে এক হাজার ২৯৩ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৬৯৩ কোটি ৭০ লাখ টাকায় এক লাখ ২৫ হাজার টন টিএসপি এবং ৬০০ কোটি টাকায় এক লাখ টন ডিএপি সার আমদানি করা হবে। সভায় ভারতীয় ঋণের আওতায় আরো একটি দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়। এটি হচ্ছে- 'মহেশখালী-আনোয়ারা', 'জালালাবাদ-বিবিয়ানা-ধনুয়া' ও 'আশুগঞ্জ-বাখরাবাদ' গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প। 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০'-এর অধীনে এ প্রকল্পের আওতায় গ্যাস পাইপ লাইন সংগ্রহ ও স্থাপন করা হবে। ভারতীয় প্রতিষ্ঠান ম্যান ইন্ডাস্ট্রিজ এ কাজের জন্য মনোনীত হয়েছে। এতে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে। মোহাম্মদপুরের 'এফ' ব্লকে সীমিত আয়ের লোকদের কাছে বিক্রির জন্য এক হাজার ২০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় অতিরিক্ত কাজের বিল অনুমোদনের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে ১৭ কোটি ১০ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের অধীনে ১৬ তলা বিশিষ্ট ও এক হাজার বর্গফুটের ছয়টি আবাসিক ভবন (নং- ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯) এবং ৮০০ বর্গফুটের ছয়টি ভবন (নং- ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫) নির্মাণ করা হবে। এসব ভবনের প্রত্যেকটিতে ৬০টি করে ফ্ল্যাট থাকবে। এ ছাড়া নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুড়াপাড়া ফেরিঘাট সড়কে শীতলক্ষ্যা নদীর ওপর ৫৭৬ দশমিক ২১ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ, ঢাকার গুলশান-তেজগাঁও-নাখালপাড়া-তেজকুনিপাড়া-কাওরান বাজার-তেজতুরী বাজার-বাড্ডা-বারিধারা-শাহজাদপুরসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা উন্নতকরণ, চট্টগ্রাম ওয়াসার অধীনে পানির পাইপ লাইন নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাবও সভায় অনুমোদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৯৩১ ঘ.