ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেলেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শামছুদ্দোহা খন্দকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।
শামছুদ্দোহা খন্দকার বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার আগে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি বিআইডব্লিউটিএ'র বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক মিয়ার স্থলাভিষিক্ত হবেন। মুক্তিযোদ্ধা কর্মকর্তা মালেক মিয়া চারদলীয় জোট সরকারের সময় যুগ্ম-সচিব থেকে বাধ্যতামূলক অবসরে যান। বর্তমান সরকার আসার পর তিনি ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি এবং বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান। সোমবার তার চুক্তির মেয়াদ শেষ হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার খন্দকার মোহাম্মদ আমিনুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে সেনা কর্মকর্তা কর্নেল এমএ মোহীকে। এজন্য তার চাকরি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর ফিরোজ খাননুন ফরাজীকে প্রত্যাহার করে নিজ কর্মঅধিক্ষেত্রে প্রত্যর্পণ করা হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর আশরাফ আলী।
বিসিএস প্রশাসন একাডেমীর সহকারি পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সিনিয়র সহকারী সচিব মাহফুজা বেগমকে একই দপ্তরের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে।
নোয়াখালীর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ খালেদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সেনাবাহিনীর কর্মকর্তা লুৎফর রহমানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) ড্রেজার খনকে তৃতীয় প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক (ডিএডি) পদে প্রেষণে নিয়োজিত পুলিশ পরিদর্শক আফতাব উদ্দিনকে প্রত্যাহার করে নিজ কর্ম-অধিক্ষেত্রে ফেরৎ পাঠানো হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩৭ ঘ.
bdnews24