চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইন বহনের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ি উপজেলা থেকে এক স্কুলছাত্রীসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
রেলবাজার ফেরিঘাট থেকে সোমবার সকালে তাদের আটক করা হয়।
এরা হলেন উপজেলার দিয়াড়মানিক চর গ্রামের প্রয়াত রহিম বাদশার স্ত্রী জোসনা খাতুন (৩০) এবং স্থানীয় কোদালকাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নজরুল ইসলামের মেয়ে তাসকিরা খাতুন (১৬)।
বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শহীদুল আলম জানান, সকাল পৌনে ১০টার দিকে বিজিবি'র একটি টহল দল ৫০০ গ্রাম হেরোইনসহ এই দু'জনকে গ্রেপ্তার করে।
টাকার বিনিময়ে এরা হেরোইন বহন করছিলো বলে বিজিবিকে জানিয়েছে, বলেন তিনি।
দুপুরে জোসনা ও তাসকিরাকে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিজিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
তাসকিরা ও জোসনা বলেন, অর্থকষ্টের কারণে টাকার বিনিময়ে তারা হেরোইন বহনের কাজ করেন।
বিজিবি অধিনায়ক আরো জানান, জোসনা ও তাসকিরাকে গোদাগাড়ি থানায় হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24